আজহারের পুনর্বিবেচনার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ১৯ ডিসেম্বর থেকে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল রোববার আজহারুলের পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক অনুপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল পুনর্বিবেচনার আবেদন খারিজ করে বলেন, এর আগে আইনজীবীকে কয়েকবার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ন্যায়বিচারের স্বার্থে অনির্দিষ্টকালের জন্য সময় দেওয়া সম্ভব নয়। পরে ট্রাইব্যুনাল এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ১৯ ডিসেম্বর দিন ধার্য করেন।
সাক্ষ্য দিলেন মোবারক: একই ট্রাইব্যুনালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে গতকাল সাক্ষ্য দিয়েছেন মোবারক নিজে।

কাঠগড়ায় দাঁড়িয়ে জবানবন্দিতে মোবারক দাবি করেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে তিনি কোনো ধরনের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। ১৬ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত দাবি করে তিনি বলেন, ‘আমি এখনো মোগড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকের পদে আছি। আজ পর্যন্ত আমি দল থেকে বহিষ্কারের কোনো চিঠি পাইনি।’

জবানবন্দি শেষে মোবারককে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।