আজহারের বক্তব্য নিয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত ইসলামির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সুপ্রিম কোর্টের নিবন্ধককে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে ১৬ আগস্ট পরবর্তী দিন ধার্য করা হয়েছে। তবে ওই দিন আজহারকে আদালতে হাজির হতে হবে না।মগবাজারের দলীয় কার্যালয়ে গত ১৯ জুলাই এক সংবাদ সম্মেলনে আজহারুল বলেছিলেন. আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার তত্ত্বাবধায়ক-ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। আজহারুলের দেওয়া এ ধরনের বক্তব্য আদালত অবমাননার শামিল—এমন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম অহিদুজ্জামান হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত ২৫ জুলাই আদালত রুল জারি করেন এবং আজহারুলকে ৮ আগস্ট হাজির হতে নির্দেশ দেন। ধার্য তারিখে আজহারুল আদালতে হাজির হন। তাঁর পক্ষে এর আগে জারি করা রুল প্রত্যাহারের আবেদন জানানো হয়। গতকাল রিট আবেদনকারীর পক্ষে সম্পূরক আবেদন দাখিল করা হয়। এতে ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এ মর্মে রুল জারির আরজি জানানো হয়। আদালত শুনানি শেষে রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও আজহারুলের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।