আজহারের বক্তব্যের বিষয়ে আদেশ হয়নি ২৪ আগস্ট নির্ধারণ
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের আদালত অবমাননার অভিযোগের বিষয়ে গতকাল মঙ্গলবার আদেশ হয়নি। ২৪ আগস্ট পরবর্তী দিন ধার্য করা হয়েছে।গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ দিন ধার্য করেন।রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, সম্পূরক রুল প্রস্তুত না হওয়ায় আদালত আদেশের পরবর্তী তারিখ ২৪ আগস্ট নির্ধারণ করেন। এ সংক্রান্ত আবেদনপত্র ও রুলের শুনানির পর আদেশ হবে। তবে আজহারের আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, রুল জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এ বিষয়ে আদালত ২৪ আগস্ট আদেশ দেবেন।এর আগে ৯ আগস্ট আজহারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। গত ১৯ জুলাই মগবাজারের দলীয় কার্যালয়ে আজহারের দেওয়া বক্তব্য আদালত অবমাননার শামিল—এমন অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম অহিদুজ্জামান রিট করেন।