
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে একাত্তরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠন করা হয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীর, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার আজহারুলের (৬১) বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন। ৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
গতকাল অভিযোগ গঠনের আদেশ দেওয়ার সময় এজলাসে আসামির কাঠগড়ায় চেয়ার না থাকায় আজহারুলকে দাঁড়িয়ে থাকতে হয়। ট্রাইব্যুনাল বলেন, বিচারপতিরা আসন গ্রহণ ও ত্যাগ করার সময় সবাই উঠে দাঁড়িয়ে সম্মান দেখান। কিন্তু ওনাকে (আজহারুল) দাঁড়াতে দেখা যায় না। এ জন্য চেয়ার সরিয়ে রাখা হয়েছে। গত ২৮ অক্টোবর এই মামলার কার্যক্রমের সময়ও চেয়ার না থাকায় আজহারুলকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ওই দিন ট্রাইব্যুনাল বলেন, চেয়ার কেন নেই, তা অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন বলা হবে। ভবিষ্যতে এমন হবে না, আসামিপক্ষের আইনজীবী এ ধরনের নিশ্চয়তা দিলে ট্রাইব্যুনাল আগামী দিন আজহারুলকে বসার অনুমতি দেন।
আজহারুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশে ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ অনুসারে একাত্তরে রংপুর কারমাইকেল কলেজের ছাত্র আজহারুল ইসলাম জামায়াতের তত্কালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের রংপুর শাখার সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর রংপুর অঞ্চলের কমান্ডার আজহারুল স্বাধীনতার পর জামায়াতের রাজনীতিতে যোগ দেন। ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি ঢাকা মহানগর জামায়াতের আমির ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তিনি দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন।
ছয়টি অভিযোগ পড়ে শোনানো শেষে ট্রাইব্যুনাল আজহারুলের কাছে জানতে চান, ‘আপনি দোষী না নির্দোষ?’ আজহারুল বলেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। স্বাধীনতার ৪১ বছর পর রাজনৈতিক উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।’ পরে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ৫ ডিসেম্বর দিন ধার্য করেন।
গত বছরের ২২ আগস্ট আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ২৫ জুলাই তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
গণহত্যার দুটিসহ ছয় অভিযোগ: আজহারুলের বিরুদ্ধে গঠন করা ছয়টি অভিযোগের মধ্যে দুটি গণহত্যার। অভিযোগ গঠনের আদেশ অনুসারে, একাত্তরের ১৭ এপ্রিল রংপুরের ঝাড়ুয়ার বিল এলাকায় পাকিস্তানি সেনা ও সহযোগী বাহিনীর সদস্যরা নির্বিচারে গুলি করে প্রায় এক হাজার ২০০ জনকে হত্যা করে। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শতাধিক হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। এ ছাড়া একাত্তরের ৩০ এপ্রিল রংপুর কারমাইকেল কলেজের শিক্ষক কালাচান রায়, সুনীল বরণ চক্রবর্তী, রামকৃষ্ণ অধিকারী, চিত্তরঞ্জন রায় ও কালাচান রায়ের স্ত্রী মঞ্জুশ্রী রায়কে বাসা থেকে অপহরণের পর দমদমা সেতুর কাছে নিয়ে হত্যা করা হয়। এ দুটি ঘটনায় আজহারুলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠন করা হয়েছে।
আজহারুলের বিরুদ্ধে বাকি চারটি ঘটনায় হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, নির্যাতন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ গঠনের আদেশে বলা হয়, একাত্তরের ২৪ মার্চ রংপুরের আইনজীবী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাহফুজ আলীসহ ১১ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতন করার পর ৩ এপ্রিল তাঁদের দখিগঞ্জ শ্মশানে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ১৬ এপ্রিল রংপুরের বদরগঞ্জের ধাপপাড়ায় ১৫ নিরস্ত্র বাঙালিকে হত্যাসহ লুণ্ঠন, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ছাড়া একাত্তরের মধ্য নভেম্বরে রংপুর শহরের গুপ্তপাড়ায় এক ব্যক্তিকে নির্যাতন এবং ১ ডিসেম্বর শহরের বেতপট্টি থেকে এক ব্যক্তিকে অপহরণের পর রংপুর মুসলিম হোস্টেলে আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটে। এসব ঘটনায় আজহারুলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটন এবং এসব অপরাধে সহযোগিতা করার অভিযোগ গঠন করা হয়।