আজহারের বিরুদ্ধে আরও এক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে আজ সোমবার জব্দ তালিকার সাক্ষী হিসেবে এক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তিনি হলেন, রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী সজল মাহমুদ।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ রাষ্ট্রপক্ষের এই সাক্ষীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। এ সময় আসামির কাঠগড়ায় আজহার হাজির ছিলেন।

জবানবন্দিতে সজল মাহমুদ বলেন, তিনি পুলিশের কনস্টেবল। ২০১২ সালের এপ্রিল থেকে প্রেষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কাজ করছেন। তিনি এ মামলার তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলীর সহকারী হিসেবে কাজ করছেন। সজল মাহমুদ জানান, তিনি পুলিশের পাক্ষিক প্রতিবেদন ও পুলিশের সংক্ষিপ্ত প্রতিবেদনের ফটোকপি জব্দের সময় উপস্থিত ছিলেন।

জবানবন্দি শেষে সজল মাহমুদকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবাহান তরফদার। পরে এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।