আজহারের বিরুদ্ধে গণহত্যাসহ ছয় অভিযোগের প্রমাণ মিলেছে
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। তদন্তে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর বিরুদ্ধে এক হাজার ২২৫ জনকে গণহত্যাসহ ছয়টি অভিযোগে নয় ধরনের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান গতকাল সোমবার সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। ধানমন্ডির সেফ হোমে তদন্ত সংস্থার কার্যালয়ে এই ব্রিফিং হয়। এতে এ টি এম আজহারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন তুলে ধরা হয়। সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, আজহার ১৯৭১ সালে রংপুর কারমাইকেল কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণীতে পড়তেন। ওই বছরের ২৪ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত তিনি ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন) রংপুর শাখার সভাপতি এবং জেলা আলবদরের কমান্ডার ছিলেন। তিনি রংপুর সেনানিবাসের পাকিস্তানি সেনাদের যোগসাজশে জামায়াত, ইসলামী ছাত্রসংঘ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের চক্রের সহায়তায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী, তাঁদের আত্মীয়স্বজন ও হিন্দু সম্প্রদায়সহ রংপুরের বিশিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে তাঁদের অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও গণহত্যার ষড়যন্ত্র এবং তা বাস্তবায়নে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ব্রিফিংয়ে বলা হয়, আজহার মুক্তিযুদ্ধকালে রংপুর ও এর আশপাশে ছয়টি ঘটনায় নয় ধরনের অপরাধ করেছেন। এর মধ্যে অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, গুরুতর জখম, হত্যা ও গণহত্যা রয়েছে। তদন্ত প্রতিবেদন অনুসারে, আজহার একাত্তরের ১৭ এপ্রিল রংপুরের বদরগঞ্জ উপজেলার ঝাড়ুয়াবিল এলাকায় এক হাজার দুই শর অধিক নিরীহ, নিরস্ত্র বাঙালিকে হত্যা, গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান। ১৬ এপ্রিল তিনি বদরগঞ্জের ধাপপাড়ায় ১৫ জন নিরীহ বাঙালিকে গুলি করে হত্যা করেন। ৩০ এপ্রিল তিনি রংপুর কারমাইকেল কলেজের চারজন অধ্যাপক ও একজন অধ্যাপকের স্ত্রীকে ক্যাম্পাসের বাসা থেকে অপহরণ করে দমদমা ব্রিজের কাছে নিয়ে গুলি করে হত্যা করেন। ২৪ ও ২৭ মার্চ রংপুরের আইনজীবী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাহফুজ আলী ওরফে জররেজ মিয়াসহ ১১ জনকে অপহরণ, আটক ও শারীরিক নির্যাতনের পর শহরের দখিগঞ্জ শ্মশানে নিয়ে গণহত্যা করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, একাত্তরের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আজহার রংপুর শহর ও বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী নারীদের ধরে শহরের টাউন হলে আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন। একই স্থানে নিরীহ বাঙালিকে অপহরণ, আটক, নির্যাতন, গুরুতর জখম, হত্যা ও গণহত্যা করেন।
ব্রিফিংয়ে জানানো হয়, আজহারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করেন তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তা এস এম ইদ্রিস আলী। ২০১২ সালের ১৫ এপ্রিল এই তদন্ত শুরু হয় এবং শেষ হয় চলতি মাসের ৪ তারিখে। এ মামলায় ২৭ জনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়েছে। তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে জমা দেওয়া হবে।