জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে যেকোনো দিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ রাখেন।
এ নিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত দুটি ট্রাইব্যুনালে রায়ের অপেক্ষায় থাকা মামলার সংখ্যা দাঁড়াল ছয়টি। এর মধ্যে ট্রাইব্যুনাল-১-এ আজহারের বিরুদ্ধে মামলাসহ চারটি এবং ট্রাইব্যুনাল-২-এ দুটি মামলার রায় অপেক্ষমাণ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছে একটি মামলা।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল আসামিপক্ষের যুক্তি খণ্ডন শেষ করে রাষ্ট্রপক্ষ। এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন আজহার। যুক্তি খণ্ডন শেষে ট্রাইব্যুনাল দুই পক্ষকে ধন্যবাদ দিয়ে বলেন, মামলাটি রায়ের অপেক্ষায় রাখা হলো (সিএভি—কেস অ্যায়োটিং ভারডিক্ট)। পূর্ণাঙ্গ রায় প্রস্তুত হলে যেকোনো দিন তা ঘোষণা করা হবে।
গতকাল আসামিপক্ষের আইনগত যুক্তি খণ্ডন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও তুরিন আফরোজ। তাঁদের দাবি, এই মামলায় আনা অভিযোগগুলো ভুল প্রমাণ করতে আসামিপক্ষ ব্যর্থ হয়েছে। রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে সমর্থ হয়েছে, এ জন্য আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রাপ্য।
২০১২ সালের ২২ আগস্ট আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। গত বছরের ১২ নভেম্বর তাঁর বিরুদ্ধে গণহত্যার দুটি এবং হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে ১৯ জন সাক্ষ্য দেন, আসামিপক্ষে কেউ সাক্ষ্য দেননি।
রায়ের অপেক্ষায় ছয় মামলা: ট্রাইব্যুনাল-১-এ রায়ের অপেক্ষায় এখন চারটি মামলা। এর মধ্যে সবচেয়ে বেশি দিন রায়ের অপেক্ষায় আছে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলাটি। গত নয় মাসে তিন দফায় এই মামলার রায় অপেক্ষমাণ রাখা হয়েছে। সর্বশেষ গত ২৪ জুন রায় ঘোষণার দিন ধার্য করলেও নিজামীর হঠাৎ অসুস্থতায় তা পিছিয়ে যায়। পরে নিজামী সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু রায় ঘোষণা হয়নি।
নিজামী ও আজহারের বিরুদ্ধে মামলা ছাড়া ট্রাইব্যুনাল-১-এ আরও দুটি মামলা রায়ের অপেক্ষায় আছে। ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক এম এ জাহিদ হোসেনের মামলার কার্যক্রম শেষ হয়েছে প্রায় পাঁচ মাস আগে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা তিন মাস ধরে রায়ের অপেক্ষায় আছে।
ট্রাইব্যুনাল-২-এ অপেক্ষমাণ রয়েছে দুটি মামলা। একটি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে, অপরটি জাতীয় পার্টির সাবেক নেতা ও কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে। মীর কাসেমের মামলার কার্যক্রম শেষ হয়েছে প্রায় সাড়ে চার মাস আগে। কায়সারের মামলাটি রায়ের অপেক্ষায় রাখা হয় গত ২০ আগস্ট।
আপিল বিভাগে পাঁচ মাস অপেক্ষায় থাকা জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর চূড়ান্ত রায় গত বুধবার ঘোষণা করা হয়েছে। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাঈদীর সাজা কমিয়ে আপিল বিভাগ আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছেন। গত বুধবার কার্যক্রম শেষ হয়েছে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিল মামলা। এই আপিলের রায় অপেক্ষমাণ রেখেছেন আপিল বিভাগ।