জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন চলছে। গতকাল বুধবার রাষ্ট্রপক্ষ আজহারের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগের বিষয়ে যুক্তি শেষ করেছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল। গত মঙ্গলবার তিনি অভিযোগভিত্তিক যুক্তি উপস্থাপন শুরু করে প্রথম অভিযোগের বিষয়ে সাক্ষ্য-প্রমাণ তুলে ধরেছিলেন। যুক্তি উপস্থাপনকালে আজহার ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
গত সোমবার আজহারুলের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ। গত বছরের ১২ নভেম্বর তাঁর বিরুদ্ধে একাত্তরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠন করা হয়। ২৬ ডিসেম্বর থেকে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১৯ জন, আসামিপক্ষে একজন।
তিনজনের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন ২৫ আগস্ট: একই ট্রাইব্যুনাল গতকাল মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বাগেরহাটের সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, আবদুল লতিফ তালুকদার ও খান মো. আকরাম হোসেনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ২৫ আগস্ট দিন ধার্য করেছেন। এ ছাড়া লতিফ তালুকদারের জামিনের বিষয়ে আদেশের জন্য ২৮ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
সিরাজুল হকসহ তিনজনকে গতকাল কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আবদুল লতিফের আইনজীবী এম সরোয়ার হোসেন জামিন আবেদনের ওপর শুনানি করেন। তিনি বলেন, আবদুল লতিফ ২০০৯ সাল থেকে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। তিনি আদালতের নির্দেশনা মেনে নিয়মিত হাজিরা দেন। তাই তিনি জামিনের দাবিদার।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, আবদুল লতিফ উচ্চ আদালত থেকে যে মামলায় জামিন পেয়েছেন, তার সঙ্গে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের কোনো সম্পর্ক নেই। লতিফসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের অগ্রগতি প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর দাখিলের জন্য নির্ধারিত ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ ২৫ আগস্ট তা দাখিল করবে।