আজহারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ ১৯ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য দিয়েছেন।

বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জিয়াদ-আল-মালুম ও এ কে এম সাইফুল ইসলাম সূচনা বক্তব্য দেন। এ সময় আসামির কাঠগড়ায় আজহারুল হাজির ছিলেন। পরে রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ১৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

সূচনা বক্তব্যে রাষ্ট্রপক্ষ বলেন, একাত্তরে রংপুর কারমাইকেল কলেজের ছাত্র আজহারুল ইসলাম জামায়াতের তত্কালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের রংপুর শাখার সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর রংপুর অঞ্চলের কমান্ডার আজহারুল স্বাধীনতার পর জামায়াতের রাজনীতিতে যোগ দেন। ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি ঢাকা মহানগর জামায়াতের আমির ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তিনি দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন।

সূচনা বক্তব্যে রাষ্ট্রপক্ষ আজহারুলের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ পড়ে বলেন, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে আসামির বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণ করবে পারবে।

সূচনা বক্তব্য শেষে রাষ্ট্রপক্ষ তিন সাক্ষীকে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাক্ষ্য গ্রহণের আবেদন জানালে ট্রাইব্যুনাল এর শুনানির জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।

গত বছরের ২২ আগস্ট আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ২৫ জুলাই তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। তাঁর বিরুদ্ধে গণহত্যার দুটিসহ ছয় অভিযোগ আনেন ট্রাইব্যুনাল।