আজহারের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ক্যামেরা ট্রায়ালে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী এক নারীর সাক্ষ্য নেওয়া হয়েছে।

বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য গ্রহণের সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম ও আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার উপস্থিত ছিলেন। ক্যামেরা ট্রায়ালের নিয়ম অনুসারে পর্যবেক্ষক ও সাংবাদিকেরা এজলাসে অনুপস্থিত ছিলেন।

এ নিয়ে ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন তিনটি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। এর মধ্যে বিএনপির নেতা ও ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ চলছে। আর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ চলছে।