আজহারের বিরুদ্ধে সাফাই সাক্ষ্য ৩ আগস্ট
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩ আগস্ট দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ দিন ধার্য করেন।
এ মামলায় আসামিপক্ষের চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের অনুমতি দিয়ে গতকাল থেকে সাফাই সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। গতকাল আসামিপক্ষের আইনজীবী শিশির মুনির ট্রাইব্যুনালে বলেন, তাঁরা চারজন সাফাই সাক্ষীর পরিবর্তে একজন সাক্ষীকে হাজির করবেন। কিন্তু এর জন্য সময় প্রয়োজন। পরে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে ৩ আগস্ট দিন ধার্য করে বলেন, ওই দিন সাক্ষী হাজির করতে না পারলে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করবে।
লতিফ তালুকদারের বিরুদ্ধে অভিযোগের নথি দেখার অনুমতি: এদিকে বাগেরহাটের আবদুল লতিফ তালুকদারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের নথি আসামিপক্ষকে দেখার অনুমতি দিয়েছেন একই ট্রাইব্যুনাল। আসামিপক্ষের আইনজীবী এম সারোয়ার হোসেন গতকাল ট্রাইব্যুনালে বলেন, তাঁরা আসামির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাগেরহাটের হাকিম আদালতের জারি করা আদেশ দেখতে চান। পরে ট্রাইব্যুনাল ওই নথি আসামিপক্ষকে দেখাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন।