আজহারের মামলায় শেষ ধাপের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ ধাপের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরুর মাধ্যমে শেষ ধাপের কার্যক্রম শুরু হলো।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল এ মামলায় যুক্তি উপস্থাপন শুরু করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু। তিনি বলেন, পুরো মামলাটিকে ছয়টি ভাগে ভাগ করে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করবে। পরে তিনি রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের পরিকল্পনা ট্রাইব্যুনালে তুলে ধরেন। এরপর মামলার ঐতিহাসিক প্রেক্ষাপট ও আসামি আজহারুল ইসলামের পরিচয় তুলে ধরেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম।
যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়। আজ রাষ্ট্রপক্ষ আজহারুলের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ বিষয়ে যুক্তি উপস্থাপন করবে।
২০১২ সালের ২২ আগস্ট এ টি এম আজহারকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় থেকে তিনি কারাগারে আছেন। ২০১৩ সালের ১২ নভেম্বর তাঁর বিরুদ্ধে একাত্তরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠন করেন এই ট্রাইব্যুনাল।
২৬ ডিসেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আট মাস সাক্ষ্য গ্রহণ চলে, ৪ আগস্ট দুই পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলীসহ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১৯ জন। বিপরীতে আসামিপক্ষে মাত্র একজন সাক্ষ্য দেন।