আজহারের সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে একাত্তরে আজহারুলের নির্যাতনের শিকার এক বীরাঙ্গনাকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল মঙ্গলবার আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপনের সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ এসব দাবি জানান। আজহারুল এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
যুক্তি উপস্থাপনকালে তুরিন আফরোজ বলেন, মুক্তিযুদ্ধের সময় রংপুর টাউন হল ছিল নির্যাতন কেন্দ্র ও ‘রেপ ক্যাম্প’। এখানে নির্যাতনের যে ভয়াবহ চিত্র সাক্ষ্যপ্রমাণের মধ্য দিয়ে উঠে এসেছে এবং তাতে আজহারুল ইসলামের যে সম্পৃক্ততা পাওয়া গেছে, তাতে তাঁর বিকৃত মানসিকতার প্রকাশ ঘটেছে।
মুক্তিযুদ্ধে নির্যাতিত, লাঞ্ছিত, ধর্ষণের শিকার নারীদের বিষয়ে রাষ্ট্র সব সময়ই নীরব ভূমিকা পালন করেছে। এক নারী ট্রাইব্যুনালে এসে জীবনের ঝুঁকি নিয়ে বর্ণনা দিয়ে গেছেন, একাত্তরে তিনি কীভাবে ধর্ষণের শিকার হয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, কীভাবে তাঁকে ও অন্য নারীদের নির্যাতন করা হতো।
এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী একজন নারী, তিনি ক্যামেরা ট্রায়ালে (রুদ্ধদ্বার বিচার, যেখানে নির্দিষ্ট আইনজীবী ও আদালতের কর্মকর্তা ছাড়া কেউ উপস্থিত থাকতে পারেন না) সাক্ষ্য দেন। একাত্তরে দুই মাসের অন্তঃসত্ত্বা ওই নারী রংপুর টাউন হলে ধর্ষণের শিকার হন।
রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি আরও বলেন, একজন বীরাঙ্গনার যুদ্ধ কখনো শেষ হয় না। মৃত্যুর আগ পর্যন্ত তাঁকে যুদ্ধ চালিয়ে যেতে হয়। তাই রাষ্ট্রপক্ষ ওই নারীর জন্য ক্ষতিপূরণ দাবি করছে। বিদ্যমান আইনে সাক্ষীদের ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে কি না—ট্রাইব্যুনালের এ প্রশ্নের জবাবে কৌঁসুলি বলেন, রাষ্ট্র যদি সাক্ষীদের নিরাপত্তা দিতে পারে, তা হলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও দিতে পারে।
আজহারুলের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃত্বের দায় প্রসঙ্গে তুরিন আফরোজ বলেন, রাজনৈতিক নেতা বা সেনা কর্মকর্তারা যে সিদ্ধান্ত বা পরিকল্পনাই নিন না কেন, বাস্তবায়ন না হলে সেই সিদ্ধান্ত বা পরিকল্পনার কোনো দাম নেই। আজহারুল ইসলাম সিদ্ধান্তের বাস্তবায়ন করেছেন। তাই তিনি যত ছোট পরিসরের নেতাই হোন না কেন, ঊর্ধ্বতন কর্তৃত্বের দায় থেকে মুক্ত নন।
গতকাল এই মামলায় ষষ্ঠ দিনের মতো যুক্তি দেয় রাষ্ট্রপক্ষ। ১৮ আগস্ট এই মামলায় যুক্তি উপস্থাপন শুরু হয়েছিল। অভিযোগভিত্তিক যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও তাপস কান্তি বল। আজ বুধবার আজহারের পক্ষে যুক্তি দেবে আসামিপক্ষ।
এর আগে সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী এক যুদ্ধশিশু ও দুই বীরাঙ্গনার ক্ষতিপূরণ দাবি করে রাষ্ট্রপক্ষ।