আজাদ সভাপতি সাজ্জাদ সম্পাদক

প্রায় ২০ বছর পর নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত মঙ্গলবার দুপুরে উপজেলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে কাউন্সিলরদের ভোটে আলাউদ্দিন আল আজাদ সভাপতি এবং সাজ্জাদুর রহমান ওরফে সাজ্জাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারিছ বেগের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলা অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার সাতটি ইউনিয়নের ১৮৪ জন কাউন্সিলরদের ভোটের মধ্যে ১১০ ভোট পেয়ে আলাউদ্দিন আল আজাদ সভাপতি এবং ৯২ ভোট পেয়ে সাজ্জাদুর রহমান ওরফে সাজ্জাদ সাধারণ সম্পাদক হন।
দলীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৫ সালে।