আজাদকে র্যাবের মারধরের ঘটনায় আসকের নিন্দা
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে ‘ন্যায় বিচার চাই’ লেখা পোস্টার নিয়ে দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টাকারী আবুল কালাম আজাদকে র্যাবের মারধর এবং তাঁর চাচাতো ভাই সোহেলকে আটকের অভিযোগে আইন ও সালিশ কেন্দ্র (আসক) উদ্বেগ প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত খবরের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এক প্রভাবশালী ব্যক্তি আবুল কালাম আজাদের জমি দখল করলে রোববার সকালে গণভবনের সামনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য দাঁড়ান নারায়ণগঞ্জের আজাদ। কর্তব্যরত পুলিশ তাঁকে চলে যেতে বললে তিনি চলে যান। ওই রাতেই আজাদের বাড়িতে র্যাব অভিযান চালায়। র্যাবের সদস্যরা তাঁকে মারধর করেন। তাঁর চাচা ও চাচাতো ভাইকে ধরে নিয়ে যান। পরে চাচাকে ছেড়ে দিলেও চাচাতো ভাইয়ের কাছে ইয়াবা পাওয়ার অভিযোগে র্যাব তাঁকে আটক করে।
বিবৃতিতে আসক বলছে, আজাদের প্রতিবাদ জানানোর রাতেই একজনকে আটকের ঘটনায় জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। র্যাবের পক্ষ থেকে প্রতিবাদ জানানো এবং আটক হওয়ার ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই বলে ব্যাখ্যা দেওয়া হলেও পূর্ব অভিজ্ঞতার কারণে এ বিষয়ে সন্দেহমুক্ত হওয়া যাচ্ছে না।
বিবৃতিতে এ ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে। এ ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন যাতে উদ্যোগ নেয় সে প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে। তদন্তের পর জনগণকে ফলাফল জানানোর মাধ্যমে জনমনে সৃষ্ট হওয়া সংশয় দূর করা প্রয়োজন বলেও এতে উল্লেখ করা হয়েছে।