আজাদের চাচাতো ভাই সোহলের জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘সাজানো’ মামলায় গ্রেপ্তার সোহেল মাহমুদ জামিন পেয়েছেন।
গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন সোহেলের জামিন মঞ্জুর করেন। তাঁর আইনজীবী সোলেমান মিয়া এ তথ্য জানিয়েছেন।
সোহেল গত ২ আগস্ট গণভবনের সামনে ‘ন্যায়বিচার চাই’ প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ানো সোনারগাঁয়ের নানাখী এলাকার যুবক আবুল কালাম আজাদের চাচাতো ভাই।
আবুল কালাম আজাদের অভিযোগ, শিল্পপতি অমল পোদ্দার বালু দিয়ে ভরাট করায় তাঁরা সাড়ে ১৫ শতাংশ জমি ২৪ লাখ টাকায় বিক্রি করতে রাজি হন। এ জন্য ৪ লাখ টাকা বায়না করা হয়। কিন্তু গত দেড় বছরেও অমল পোদ্দার জমির বাকি টাকা দেননি। উল্টো তাঁদের আরও জমি তাঁর (অমল) দাবি করে বালু ভরাট করতে থাকেন। অমল পোদ্দারের ভাতিজা বাপ্পি পোদ্দার হুমকি দিয়ে বলেন, তাঁদের ওই দুই জমি বিক্রি না করলে জমি বিক্রির বাকি টাকাও তাঁরা পরিশোধ করবেন না।
ওই দিন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আবুল কালাম আজাদ বাড়ি ফেরার এক ঘণ্টা পর রাত আটটায় র্যা ব সদস্যরা পঞ্চমীঘাট বাজার থেকে তাঁর চাচাতো ভাই কলেজছাত্র সোহেল মাহমুদকে আটক করেন। তারপর তাঁকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়িতে অভিযান চালান। এরপর সোহেলকে র্যা ব-১১-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাঁর কাছে ৩৭০টি ইয়াবা বড়ি পাওয়া গেছে এবং তিনি মাদক ব্যবসায়ী দাবি করে পরদিন র্যা ব-১১-এর উপপরিচালক (ডিডি) মাসুদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন।