আজাদের শোভাযাত্রায় পুলিশের লাঠিপেটা, মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের জেলা কারাগার ও পৌরসভার সামনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদের শোভাযাত্রায় পুলিশ লাঠিপেটা করেছে। আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এ কে আজাদ। তবে মন্ত্রী জানান, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। পুলিশ জানায়, ট্রাফিক আইন না মানায় শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের বহরটি এ কে আজাদের সংবর্ধনাস্থল শহরের চর টেপাখোলা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে যাচ্ছিল। এ সময় ফরিদপুর পৌরসভার সামনে পুলিশ তাদের বাধা দেয়। বহরটি আবার যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। এ ঘটনায় ১০ জন আহত হয়। এ কে আজাদ শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চর টেপাখোলা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ কে আজাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত সাধারণ নির্বাচনের আগে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছিলেন, “প্রত্যেক নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসন থেকে দাঁড়িয়ে বেয়াই (খন্দকার মোশাররফ হোসেন)  হেরে যায়। এবার তোমরা একটু দেখো।” আমি শেখ হাসিনার নির্দেশমতো আমার হামিম গ্রুপের ২০ হাজার কর্মী নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিই। তিনি বিজয়ী হন। সে কাজের পুরস্কার আজ পেলাম লাঠিপেটা আর রক্তবন্যার মধ্য দিয়ে।’ খন্দকার মোশাররফকে উদ্দেশ করে এ কে আজাদ বলেন, ‘আপনি মন্ত্রী। আপনার অনেক ক্ষমতা। আপনার সঙ্গে আমরা পারব না। আগামী দিনে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হোন, আরও বেশি লাঠিপেটা করে রক্তের বন্যা বইয়ে দিন।’ আজাদ দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি ভোটে দাঁড়াইনি। একটি সংবর্ধনা তথা সামাজিক কাজে অংশ নিতে এসেছি মাত্র। সেখানে যাওয়ার পথে এ লাঠিপেটা কেন?’ এ কে আজাদ আরও বলেন, ‘এ লাঠিপেটা আমাকে নয়, ফরিদপুরবাসীকে করা হয়েছে।’

এদিকে এ কে আজাদের এ অভিযোগের ব্যাপারে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ কে আজাদ আমাকে ইঙ্গিত করে যে কথা বলেছেন, তা দুঃখজনক’। তিনি বলেন, ‘পুলিশের বাধার ব্যাপারে আমি কিছু জানি না।’ মন্ত্রী আরও বলেন, ‘এ ঘটনা শোনার পর আমি পুলিশ সুপার জামিল হাসানকে চার্জ করেছি। তিনি (পুলিশ সুপার) বলেছেন, ঈদের এক দিন পর এ কে আজাদকে মোটরসাইকেল শোভাযাত্রা করতে বারণ করা হয়েছিল। তিনি (আজাদ) রাজিও হয়েছিলেন। তার পরও মোটরসাইকেল শোভাযাত্রা করায় তাঁরা বাধা দেন ও লাঠিপেটা করেন।’

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, এ কে আজাদের মোটরসাইকেলের বহরটি ট্রাফিক আইন অমান্য করে রাস্তাজুড়ে যাচ্ছিল। রাস্তার এক পাশ দিয়ে যেতে বললেও তারা তা শোনেনি। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে।  তবে এ কে আজাদ এ প্রসঙ্গে বলেন, শোভাযাত্রা বের করা না-করা নিয়ে পুলিশ তাঁকে কিছু বলেনি।
এ কে আজাদ শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও দৈনিক ‘সমকাল’ পত্রিকার প্রকাশক। শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফরিদপুর সদরের চর এলাকার পাঁচ ইউনিয়নের উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক আহমেদ আলী। ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আওলাদ হোসেন, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, মিনিবাস মালিক সমিতির শাহ আলম, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।