আজিজ ও ফরিদ খানের বিরুদ্ধে বিদ্যুৎকেন্দ্র দুর্নীতির মামলা খারিজ
সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও তাঁর ভাই একই গ্রুপের পরিচালক ফরিদ খানের বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপন দুর্নীতির মামলা খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আজিজ খান ও ফরিদ খানের পক্ষে আইনজীবী ছিলেন শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। মেহেদী হাসান চৌধুরী বলেন, যথাযথ আইন অনুসরণ না করে মামলাটি করা হয়েছে। মামলাটি বাতিল চেয়ে দুজনের পক্ষে পৃথক আবেদন করা হয়। প্রাথমিক শুনানির পর গত ২৭ মার্চ আদালত রুল জারি করেন ও কার্যক্রমে স্থগিতাদেশ দেন। গতকাল রায়ে মামলাটি বাতিল ঘোষণা করেন আদালত। ফলে আজিজ খান ও ফরিদ খান ওই মামলা থেকে অব্যাহতি পেলেন। ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক সাব্বির হাসান বাদি হয়ে শেখ হাসিনা ও আজিজ খানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে শেখ হাসিনার আবেদনের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের ১৩ এপ্রিল বাতিল ঘোষণা করে রায় দেন আদালত।