আজিজ মার্কেট ও কাঁটাবনে দুই রেস্তোরাঁকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি, পচা-বাসি সবজি ও মসলা ব্যবহার এবং দীর্ঘদিন ব্যবহৃত কালো মবিলের মতো তেল দিয়ে পেঁয়াজি-জিলাপি তৈরির দায়ে আজিজ সুপার মার্কেট জুসি ফাস্ট ফুড ও কাঁটাবনের অষ্ট ব্যঞ্জন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বেলা একটায় এই আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী। এতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫ (এপিবিএন) সহযোগিতা করে।
তৌহিদ এলাহী প্রথম আলোকে বলেন, ওই দুটি রেস্টুরেন্টে ইফতারি তৈরিতে পচা-বাসি সবজি ও মসলা ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া কালো মবিলের মতো তেলে পেঁয়াজি ও জিলাপি তৈরি করা হচ্ছিল। এ যৌথ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে বেইলি রোড, আজিজ সুপার মার্কেট ও কাঁটাবনের আরও ২০টি রেস্তোরাঁয় অভিযান চালান আদালত। এ সময় প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা ও প্রস্তুতকৃত খাদ্যসামগ্রীর মান দেখে সন্তোষ প্রকাশ করেন আদালত।