আজিজ মার্কেটে টি-শার্ট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ টি-শার্ট উৎ​সব। সেখানে টি–শার্ট দেখছেন এক দর্শক l ছবি: প্রথম আলো
আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ টি-শার্ট উৎ​সব। সেখানে টি–শার্ট দেখছেন এক দর্শক l ছবি: প্রথম আলো

‘পোশাকে বসন্ত ও পোশাকে একুশ’ শিরোনামে শুরু হয়েছে চার দিনব্যাপী বাংলাদেশ টি-শার্ট উৎসব। গতকাল শুক্রবার বিকেল থেকে রাজধানীর শাহবাগের আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে এ উৎসব শুরু হয়। তবে নামে টি-শার্ট হলেও এ উৎসবে শার্ট, পাঞ্জাবি, থ্রিপিস, শাড়িও থাকছে।
ষষ্ঠবারের মতো এই উৎসবের আয়োজন করেছে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি। এতে মার্কেটের দেশীয় পোশাকের ২৫২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। উৎসবে ছেলেদের টি-শার্ট ২৫০ থেকে ৪৫০, পোলো টি-শার্ট ৯০০ থেকে ১ হাজার ৩০০, ফতুয়া ৬০০ থেকে ১ হাজার ২০০, পাঞ্জাবি ৬০০ থেকে ১ হাজার ৫০০, কোর্তা ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা করে বিক্রি হচ্ছে। মেয়েদের টপস ৬০০ থেকে ৯০০ টাকা, থ্রিপিস, ১ হাজার থেকে ১ হাজার ৫০০, শাড়ি ৬৫০ থেকে ২ হাজার ২০০ টাকা। আর ৪০০ টাকা থেকে ১ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে শিশুদের পোশাক। এ ছাড়া উৎসবে আছে বসন্তের হলুদ ও সবুজ, সরস্বতী পূজার সাদা রং, বিশ্ব ভালোবাসা দিবসের লাল ও কমলা, একুশে ফেব্রুয়ারির সাদা-কালো রঙের পোশাক। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই উৎসব চলবে।
গতকাল বিকেল সাড়ে পাঁচটায় দেশীয় পোশাকের এই উৎসবের উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, টি-শার্ট খুব আরামদায়ক পোশাক। এটা তারুণ্যের যৌবন, প্রতিবাদ ও জীবনের প্রতীক। কারণ এতে থাকে প্রকৃতি, কবিতা ও বিচিত্র রং। যা মানুষকে তথ্য দেয়, শিখায়। তিনি বলেন, টি-শাট, মসলিন, জামদানিসহ বিভিন্ন পোশাকের মাধ্যমে দেশের ইতিহাস-ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে।
বাংলাদেশ টি-শাট উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গবেষক ও ফ্যাশন পরামর্শক চন্দ্রশেখর সাহা, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী আফসানা মিমি প্রমুখ বক্তব্য দেন। পরে ফ্যাশন শো, লালনযাত্রা, ব্যান্ড শো অনুষ্ঠিত হয়।