
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যার প্রতিবাদে ও এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দোকান বন্ধ রেখেছেন আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের ব্যবসায়ীরা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসেবে তিন দিন মার্কেটটি বন্ধ রাখার ঘোষণাও দিয়েছেন তাঁরা।
গতকাল রোববার সকাল সাড়ে নয়টা থেকে রাজধানীর শাহবাগে অবস্থিত আজিজ সুপার মার্কেটের দোকানগুলো খোলা ছিল। দুপুর ১২টায় সব দোকান বন্ধ করে ব্যবসায়ীরা মার্কেটের সামনের সড়কে নেমে আসেন। সেখানে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
নিহত ফয়সাল আরেফিন আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন।
সমাবেশে বক্তৃতা করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নাজমুল হাসান, ব্যবসায়ী অভিজিৎ চৌধুরী, সানাউল্লাহ শিশির, শাহাবুদ্দিন ফারুক প্রমুখ।
সমাবেশে জানানো হয়, ফয়সাল হত্যার প্রতিবাদ হিসেবে সমাবেশের সময় থেকে তিন দিন এই মার্কেট বন্ধ থাকবে। বুধবার আবারও খুলবে দোকান। অবশ্য এর মধ্যে মঙ্গলবার সাপ্তাহিক ছুটি রয়েছে।
আজ বেলা ২টা পর্যন্ত বই বিক্রি বন্ধ: জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারীকে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিনজনের ওপর হামলার প্রতিবাদে আজ সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত সারা দেশে বই বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। পাশাপাশি তিন দিন শোকও পালন করবেন পুস্তক ব্যবসায়ীরা।
গতকাল সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।