রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ খান ওরফে সজীব হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।ক্যাম্পাস সূত্র জানায়, আজিজ হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় ওই ১০ ছাত্রকে নোটিশ দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়।সূত্র জানায়, পূরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুফিয়ান আলম, এস এম এনামুল হক, শফিক আহমেদ, মির্জা আবু গোলাম রাসেল, আহমেদ রুহুল কুদ্দুস; যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রেজওয়ান আহমেদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তানভীর আহমেদ এবং একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোহায়েমিনুল হক, সুলতান রাজিবুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে নোটিশ পাঠানো হবে।