আজিজা ইদরিস আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রী পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য, নারীপ্রগতি আন্দোলনের নেত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক মীর্জা আজিজা ইদরিস আর নেই। গতকাল শনিবার ভোর সোয়া চারটায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মারা যান। (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন পুত্র, তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।গতকাল বাদ আসর ইস্কাটন গার্ডেন জামে মসজিদে জানাজা শেষে তাঁকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্র জানায়, ২২ অক্টোবর শুক্রবার বাদ আছর তাঁর বড় ছেলে কাজী মোহাম্মদ শীশের ইস্কাটন গার্ডেনের ১২/এ, ফরচুন অ্যাপার্টমেন্টের বাসায় তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।আজিজা ইদরিস ১৯২৬ সালের ২১ মার্চ দিনাজপুর জেলার মির্জাপুর গ্রামের মির্জা পরিবারে জন্মগ্রহণ করেন। ১৪ বছর বয়সে তাঁর বিয়ে হয় সাংবাদিক-সাহিত্যিক কাজী মোহাম্মদ ইদরিসের সঙ্গে। স্বামীর রাজনৈতিক-সাহিত্যিক বন্ধু, আত্মগোপনকারী বিপ্লবী কর্মী, বন্ধু থেকে শুরু করে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবার জন্যই তাঁর আতিথেয়তা, আপ্যায়ন ছিল একই রকম আন্তরিক। একসময় তিনি স্বামীর আদর্শ অনুসরণ করে রাজনীতিতে যোগ দেন। তিনি আজীবন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মহিলা সংগ্রাম কমিটি, মহিলা পরিষদ, ন্যাশনাল আওয়ামী পার্টি ও গণতন্ত্রী পার্টির সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।আজিজা ইদরিসের মৃত্যুর খবর পেয়ে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সাংসদ রাশেদ খান মেনন, পঙ্কজ ভট্টাচার্য, অজয় রায়, সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান, শিক্ষাবিদ আনিসুজ্জামান, গণতন্ত্রী পার্টির উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান আজিজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, অভিনেতা হাসান ইমাম, কামাল লোহানী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, আয়েশা খানম, মালেকা বেগম, মাহফুজা খানম প্রমুখ তাঁর বাসায় ছুটে যান। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান।আজিজা ইদরিসের মৃত্যুতে গণতন্ত্রী পার্টি, ১১ দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদ, জাতীয় যুব ঐক্য ও প্রতিসৃষ্টি (সৃজনশীল শিল্প-সংস্কৃতি চর্চার প্রয়াসে) গভীর শোক জানিয়েছে।