
পাঁচ বছর বয়স থেকেই আজিজুর রহমানের দুচোখে আলো নেই। কিন্তু ক্রিকেটের প্রতি দারুণ আগ্রহ তার। দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে ক্রিকেট খেলবে কী করে? উপায় বের করেন কক্সবাজার বায়তুশশরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম সিরাজুল ইসলাম। মাঠে নামে আজিজুর।
আজিজুর রহমানের মতো তরুণ ও উদ্যমী প্রতিবন্ধীদের নিয়ে গঠন করা হয়েছে ‘কক্সবাজার বায়তুশশরফ ব্লাইন্ড ক্রিকেট ক্লাব’। এখন এই ক্লাবের হয়ে খেলছে আজিজুর রহমানসহ দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়েরা।
আজিজুর রহমানের বাড়ি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল গ্রামে। দুই ভাই, চার বোনের মধ্যে সে ছোট।
আজিজুর রহমান (১৬) জানায়, পাঁচ বছর বয়সে চোখে সমস্যা দেখা দেয়। এরপর দুই চোখ নষ্ট হয়। তারপরও সে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। সে ২০০৭ সাল থেকে বায়তুশশরফ ব্লাইন্ড ক্রিকেট দলের হয়ে খেলছে। তঁার স্বপ্নও বিশ্বকাপ জয়ের।
কক্সবাজার ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি এম সিরাজুল ইসলাম বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যেও প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় আছে। অন্য খেলায় বিশ্বকাপ পাওয়ার আগেই ব্লাইন্ড ক্রিকেট খেলোয়াড়রা বাংলাদেশকে বিশ্বকাপ উপহার দিতে পারবে।’
ক্লাবের কর্মকর্তারা জানান, ২০১২ সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। তখন কক্সবাজারের চারজন খেলোয়াড় বিশ্বকাপ দলে জায়গা পান।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, প্রতিবন্ধীদের মূল স্রোতে আনার অন্যতম পন্থা হচ্ছে খেলাধুলা। দৃষ্টিপ্রতিবন্ধী এসব খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। তারা দেশের জন্য বয়ে আনবে সুনাম। তাদের পাশে দাঁড়াতে হবে সবাইকে।
আগামী ৭ ডিসেম্বর থেকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট। এতে অংশ নিচ্ছে কক্সবাজার বায়তুশশরফ ব্লাইন্ড ক্রিকেট ক্লাবসহ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, নরসিংদী, রংপুর, লালমনিরহাট ও খুলনার দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দল।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এম সিরাজুল ইসলাম বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট লিগ আয়োজনের মূল উদ্দেশ্য হলো ২০১৭ সালের বিশ্বকাপ। যেকোনো মূল্যে আমরা বিশ্বকাপ ঘরে আনতে চাই। এই লিগের মাধ্যমে বাংলাদেশ দল গঠন করা হবে।’