আজিজুল হক কলেজের ছাত্রীনিবাসে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বেগম রোকেয়া ছাত্রীনিবাসে গত মঙ্গলবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নিবাসের ছাত্রীরা তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।পুলিশ ও কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ছাত্রীনিবাসের দ্বিতীয় তলার একটি কক্ষে চুরি হয়। সীমানাপ্রাচীর টপকে ঢুকে কয়েকজন চোর ওই কক্ষের দুই ছাত্রীর মুঠোফোনের তিনটি সেট, নগদ টাকা এবং একটি এটিএম কার্ড চুরি করে নিয়ে যায়।নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী একাধিক ছাত্রী জানান, রাত আড়াইটার দিকে ওই কক্ষ থেকে বের হওয়ার সময় চোরকে দেখে ফেলেন এক ছাত্রী। পরে অধ্যক্ষের আবাসিক ভবনের প্রাচীর টপকিয়ে ওই চোর দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর তাঁরা বিষয়টি অধ্যক্ষ ও হলের তত্ত্বাবধায়ককে জানান।অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস জানান, বাইরের কেউ নয়, কলেজের এক কর্মচারীই এ চুরির ঘটনার সঙ্গে জড়িত। তাঁকে চুরি করা মালামাল ফেরত দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, ছাত্রীদের হলে চুরির বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তিনটি মুঠোফোন ও নগদ কিছু টাকা চুরি যাওয়ার সত্যতা পাওয়া গেছে। তবে এ ব্যাপারে কেউ মামলা করেনি।