আজিজুল হক কলেজের ছাত্রীর লাশ উদ্ধার
বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়া এলাকার একটি ছাত্রীনিবাস থেকে সরকারি আজিজুল হক কলেজের ছাত্রী ছন্দা রানী সরকারের (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ছন্দা ওই কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং নন্দীগ্রাম উপজেলার গুন্দাইল গ্রামের অজিত সরকারের মেয়ে। পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, সেউজগাড়ী পালপাড়ার একটি মেসে থাকতেন ছন্দা। ছন্দার কক্ষের এক বান্ধবী জানান, সন্ধ্যায় বাইরে থেকে এসে কক্ষ বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেন তাঁরা। কিন্তু কোনো সাড়া না পেয়ে পাশের আরেক মেসে থাকা ছন্দার বড় বোনকে খবর দেন। বোন এসে দরজা ভেঙে ঘরের ভেতরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ছন্দার ঝুলন্ত লাশ দেখতে পান। বড় বোন জানান, ছন্দার আত্মহত্যার কারণ তিনি বুঝতে পারছেন না।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে কী কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।