আজিমপুর কলোনিতে বর্জ্যের স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিমপুরের চারটি সরকারি কলোনির সড়কগুলোতে ছড়িয়ে আছে গেরস্থালি আবর্জনা। নর্দমায় জমে আছে ময়লা পানি, উড়ছে মশা-মাছি। বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। কলোনির কল্যাণ সমিতির পরিচ্ছন্নতাকর্মী ও ডিএসসিসির অনুমোদিত কর্মীদের মধ্যে দ্বন্দ্বে বর্জ্য অপসারণকাজ ব্যাহত হচ্ছে।
আজিমপুরের মৌচাক, দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল কলোনিগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, কলোনির বর্জ্য সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সংগ্রহে বাধা দিচ্ছে কলোনিভিত্তিক কল্যাণ সমিতি। সমিতির নিয়োগ দেওয়া পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য সংগ্রহ করেন। কিন্তু তাঁরা যথাযথভাবে কলোনিগুলোকে আবর্জনামুক্ত রাখতে পারছেন না। আবার ডিএসসিসির কর্মীদেরও বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করতে দিচ্ছেন না। পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দিতে হলে ডিএসসিসির অনুমতি লাগে। কল্যাণ সমিতি অনুমোদন নেয়নি।
নিউমার্কেটের দক্ষিণ পাশ থেকে আজিমপুর সড়কের সলিমুল্লাহ মুসলিম এতিমখানা পর্যন্ত আজিমপুর সরকারি উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চল কলোনি। আর সলিমুল্লাহ এতিমখানা-সংলগ্ন আজিমপুর সড়কের পূর্ব পাশে মৌচাক কলোনি। গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, কলোনির ভেতরে প্রায় সব সড়কের পাশে ও খেলার মাঠে স্তূপ হয়ে আছে ময়লা-আবর্জনা। আবর্জনায় নর্দমা বন্ধ হয়ে ময়লা পানি জমে আছে।
মধ্যাঞ্চল কলোনির বাসিন্দা আমজাদ আলী বলেন, কল্যাণ সমিতির পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী না থাকায় কলোনির পরিবেশ দিন দিন অস্বাস্থ্যকর হয়ে উঠছে। নর্দমায় ময়লা পানি জমে মশা-মাছির বংশবৃদ্ধি হচ্ছে। আবর্জনামুক্ত করতে ডিএসসিসির সহযোগিতা দরকার।
কলোনির কয়েকজন বাসিন্দা জানান, ওই চারটি কলোনিতে চার, পাঁচ ও ছয়তলাবিশিষ্ট প্রায় ১২৫টি ভবন রয়েছে। এর মধ্যে উত্তরাঞ্চলে ৬০টি, মধ্যাঞ্চলে ২৪টি, দক্ষিণাঞ্চলে ৩১টি ও মৌচাক কলোনিতে আছে ১০টি ভবন। এসব ভবনে বসবাস করছে প্রায় আড়াই হাজার পরিবার। কল্যাণ সমিতি প্রতিটি পরিবার থেকে বর্জ্য অপসারণের জন্য মাসে ১৫০ টাকা করে নিচ্ছে। অথচ তারা যথাযথভাবে আবর্জনা পরিষ্কার করছে না।
ডিএসসিসি সূত্র জানায়, কল্যাণ সমিতির নিয়োগ দেওয়া কর্মীদের অধিকাংশ ডিএসসিসির সাবেক অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী। ডিএসসিসিতে তাঁদের কাজের মেয়াদ গত বছর শেষ হয়েছে। তাঁরা এখন কলোনিতে কাজ করছেন। এখন চারটি কলোনিতে কল্যাণ সমিতির নিয়োগ দেওয়া পরিচ্ছন্নতাকর্মী আছেন মাত্র ১০ জন। ফলে কলোনির ভেতরের চারপাশে বর্জ্য ছড়িয়ে আছে।
এ বিষয়ে জানতে ওই চারটি সমিতির দপ্তরে গিয়ে কাউকে পাওয়া যায়নি৷ গত বৃহস্পতিবার রাতে মুঠোফোনে দক্ষিণাঞ্চল কলোনি কল্যাণ সমিতির সভাপতি রওশন আরা প্রথম আলোকে বলেন, সমিতির সিদ্ধান্ত অনুসারে তাঁরা পরিচ্ছন্নতাকর্মীদের নিয়োগ দিয়েছেন। সমিতির কর্মীদের ডিএসসিসির ডাস্টবিনে ময়লা ফেলতে না দেওয়ায় কলোনি অপরিচ্ছন্ন হয়ে আছে৷