আজিমপুর শিশুপার্ক অর্ধেক হারিয়ে গেছে
আজিমপুর শিশুপার্কের নামটি ধরে রেখেছে পার্কের পাশের একটি পানির পাম্প। এ ছাড়া কোনো নামফলক নেই। দুই অংশে বিভক্ত পার্কের একটি অংশ হারিয়ে গেছে। অন্যটির আকার ছোট হতে হতে এখন এক চিলতে জমি। এলাকাবাসী বলছেন, এলাকায় শিশুদের খেলার আর কোনো জায়গা নেই।
আজিমপুর শিশুপার্কের অবস্থান আজিমপুর নিউ পল্টন এলাকায়; নতুন কবরস্থানের পাশে। গতকাল শনিবার গিয়ে দেখা যায়, কবরস্থানের সীমানা ঘেঁষা পানির পাম্পের দরজায় একটা টিনের ফলকে লেখা আছে ‘আজিমপুর শিশুপার্ক পানির পাম্প’। পাম্পের দেয়ালের অন্যপাশে নিচু গ্রিলঘেরা খানিকটা ফাঁকা জায়গা। আশপাশের লোকজন বললেন, এটিই আজিমপুর শিশুপার্ক।
পার্কের ফটকে কোনো পাল্লা নেই। নেই কোনো নামফলক। পুরো জায়গাটি থিকথিকে কাদায় ভরা। পার্কের সীমানার ভেতর একটি মাজার, সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টারের ভবন। আর আছে চারটি রিকশা মেরামতের দোকান।
এলাকার বাসিন্দা রজ্জব আলী বলেন, ২০০০ সালের শুরুর দিকে আজিমপুর পার্কের দুটি অংশ ছিল। মধ্য দিয়ে ছিল কবরস্থানে যাওয়া-আসার পথ। একটি অংশ হারিয়ে গেছে। সেটি এখন নগর স্বাস্থ্যকেন্দ্র আর কবরস্থানের দখলে। পার্কের টিকে থাকা অংশটির আয়তন ১০ কাঠার বেশি ছিল, পনির পাম্প আর কমিউনিটি সেন্টার নির্মাণের পর যা এখন প্রায় দেড় কাঠায় এসে ঠেকেছে।
আজিমপুরের আরেক অধিবাসী মো. হোসেন বলেন, বছর ১৫ আগেও পার্কে দোলনা, স্লিপারসহ পাঁচ-ছয় রকম খেলনা ছিল। কমিউনিটি সেন্টার ভবন তৈরির সময় সেগুলো সরিয়ে ফেলা হয়। তিনি বলেন, ‘আমি আমার ছোটবেলায় এই পার্কেই খেলছি। এখন তো এলাকার বাচ্চাদের কোনো খেলার জায়গাই নাই।’
আজিমপুর শিশুপার্কটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের অধীনে। ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির বলেন, ২০০৬-২০০৭ সালের দিকে পার্কের এক অংশের দখল কবরস্থানের অধীনে চলে যায়, যা উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘পার্কটি নিয়ে আমাদের পরিকল্পনা আছে। বড় পার্কগুলোর সংস্কারকাজ শেষ হলে সিটি করপোরেশন থেকে ছোট পার্কগুলোর কাজে হাত দেওয়া হবে।’