আজিমপুরে অস্ত্রের মুখে আড়াই লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ১
রাজধানীর আজিমপুরে গত বৃহস্পতিবার দুপুরে অস্ত্রের মুখে ছিনতাইকারীরা তরিকুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। গতকাল শুক্রবার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেখ আরিফ হোসেন ওরফে বুলেট নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। লালবাগ থানা সূত্র জানায়, গ্রামীণফোনের সিমকার্ড ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী তরিকুল গত বৃহস্পতিবার দুপুরে দুই লাখ ৪৪ হাজার ৫০০ টাকা নিয়ে রিকশায় তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী তরিকুলের রিকশার গতি রোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে তাঁর কাছ থেকে ওই টাকা নিয়ে যায়। এর আগে আরও দুবার এই প্রতিষ্ঠানের টাকা ছিনতাই হয়। এ ঘটনায় তরিকুল বাদী হয়ে লালবাগ থানায় ছিনতাইয়ের মামলা করেন। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া আরিফ লালবাগ এলাকায় ছিনতাই করত। আশা করা যাচ্ছে, তাকে নিয়ে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হবে।