আজিমপুরে কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ
রাজধানীর আজিমপুরের নিউ পল্টন লাইন এলাকার একটি বাসায় গতকাল বুধবার রাতে আসফিয়া আজিম (২২) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ঢাকা সিটি কলেজের ইংরেজি (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
পরিবার সূত্রের বক্তব্য মতে, আসফিয়া তাঁর মা-বাবার সঙ্গে ১৭৫/২ নিউ পল্টন লাইনে থাকতেন। গতকাল বিকেলে আসফিয়া বাসার বাইরে যেতে চাইলে মা তাঁকে বকুনি দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাত আটটার পর আসফিয়া তাঁর শোবার ঘরের সিটকিনি লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।
আসফিয়ার বাবা ব্যাংক কর্মকর্তা আবদুল আজিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, গোঙানির শব্দে দরজা ভেঙে আসফিয়াকে সিলিং ফ্যান থেকে নামিয়ে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ফাঁড়ির পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।