আজিমপুরে ১৬৭ ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুরে একটি বাড়ি থেকে গতকাল সোমবার ১৬৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। এর আগে গত রোববার রাতে কাঁঠালবাগানে ছাত্রশিবিরের একটি মেস থেকে ১৭৯টি ককটেল উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আজিমপুরে ইরাকি কবরস্থানের উত্তর পাশে বাড়িটির অবস্থান। বাড়ির মালিক গুলজার শেখ যুক্তরাষ্ট্র-প্রবাসী। মালিকের ভাগনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা শেখ মনসুর আলী সম্পত্তি দেখাশোনা করেন। মনসুর প্রথম আলোকে বলেন, গত এপ্রিল মাসে আড়াই হাজার টাকা মাসিক ভাড়ায় হাবিবুর রহমান নামের এক ব্যক্তি ওই ঘরটি ভাড়া নেন। তাঁরা দুজন থাকবেন বলে জানান। কিন্তু ভাড়া নেওয়ার পর থেকেই তাঁরা ওই বাসায় নিয়মিত থাকতেন না, শুধু ভাড়া পরিশোধ করতেন। বেশির ভাগ সময়ই ঘরটি তালা মারা থাকত। দীর্ঘদিন এভাবে চলার পর তাঁদের সন্দেহ হয়। গতকাল সকালে ঘরের টিন সরিয়ে তাঁরা কার্টনে ককটেলের মতো বস্তু দেখতে পেয়ে পুলিশকে জানান।
ঘরটিতে যাওয়ার গলি এতটাই সরু যে কেবল একজন সোজা হয়ে চলতে পারে। তিনটি ঘরের দুটিতে নিম্ন আয়ের মানুষেরা থাকে। মাঝের ঘরটি থেকে ককটেল উদ্ধার করা হয়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিম জানান, দুপুর ১২টার দিকে অভিযান শুরু করা হয়। এ সময় মাঝের ঘরটি তালাবদ্ধ ছিল। তালা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, তিনটি কার্টনের মধ্যে থরে থরে ককটেল সাজানো। একটি শপিং ব্যাগের মধ্যেও ককটেল রাখা ছিল। এ ছাড়া প্রচুর গানপাউডার, দুটি চাপাতি, তিন ব্যাগ মার্বেল ও কিছু গুলতি পাওয়া যায়। পরে বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয়করণ দলকে জানানো হয়।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, হরতালসহ বিভিন্ন কর্মসূচিতে নাশকতার জন্য এখান থেকে বোমা সরবরাহ করা হতো বলে ধারণা করা হচ্ছে। তিনি এর জন্য ছাত্রশিবির ও পিন্টু মুক্তি পরিষদ নামের একটি সংগঠনকে দায়ী করেন।
কাঁঠালবাগানে ককটেল উদ্ধারের ঘটনায় মামলা: রাজধানীর কাঁঠালবাগানে শিবিরের মেস থেকে ১৭৯টি ককটেল উদ্ধারের ঘটনায় ১৪ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। সেখান থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ককটেল উদ্ধার: গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন তিন নেতার মাজারের সামনে থেকে ১৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।