আজিমপুরের ইরাকি মাঠ দখল করে কাঁচাবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঁচাবাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে মাঠের ভেতরেই। তাতে মাঠটি খেলাধুলার প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি তোলা ছবি
কাঁচাবাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে মাঠের ভেতরেই। তাতে মাঠটি খেলাধুলার প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি তোলা ছবি

আজিমপুরের নিউ পল্টন লাইনের ইরাকি কবরস্থান মাঠ দখল করে দীর্ঘদিন ধরে বসছে কাঁচাবাজার। বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে মাঠের ভেতরেই। মাঠটি খেলাধুলার প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নাসির আহমেদ ও তাঁর ভাগনে মো. ইমরানসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতা এই বাজার নিয়ন্ত্রণ করছেন। তবে তাঁরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
ডিএসসিসির ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ইরাকি বংশোদ্ভূত লোকজন এই মাঠটির মালিক। তাঁরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ব্যবসা-বাণিজ্য করেন। মাঠের একাংশে রয়েছে কবরস্থান। তাঁদের সম্প্রদায়ের কেউ মারা গেলে এই কবরস্থানে দাফন করা হয়। মাঠের আয়তন প্রায় চার একর। দীর্ঘদিন ধরে মাঠটির একাংশের মালিকানা নিয়ে স্থানীয় এক বাসিন্দার সঙ্গে ইরাকি সম্প্রদায়ের মামলা আদালতে চলমান আছে। এ সুযোগে এখানে গড়ে উঠেছে বাজার।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, ইরাকি কবরস্থান মাঠের অর্ধেক দখল করে বসেছে কাঁচাবাজার। এই বাজারে শতাধিক দোকানে শাকসবজি, মাছ-মাংস ও জামাকাপড়ের পসরা সাজিয়েছে বসে আছেন বিক্রেতারা। প্রতিটি দোকানেই ভিড়, দরদাম করে কেনাকাটা করছেন ক্রেতারা। বাজারের ময়লা-আবর্জনা ও আশপাশের বাসাবাড়ির বর্জ্য ফেলা হচ্ছে মাঠের উত্তর-পূর্ব পাশে। মাঠে আবর্জনার স্তূপ প্রায় সাত ফুট উঁচু। বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। মাঠজুড়ে বড় বড় ইট-পাথর ও ময়লা ছড়িয়ে আছে। মহল্লার কোনো শিশু-কিশোরকে এখানে খেলাধুলা করতে দেখা যায়নি। মাঠের দক্ষিণ-পূর্ব পাশে আছে ৬০ থেকে ৭০টি কবর। এখানে ইরাকি কোনো সাইনবোর্ড দেখা যায়নি। অনেক খুঁজেও ইরাকি বংশোদ্ভূত কাউকে পাওয়া যায়নি।
মাছ বিক্রেতা মোবারক হোসেন বলেন, প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত মাঠে দোকানপাট থাকে। এরপর মালামাল গুছিয়ে চলে যান তাঁরা। বাজারের আবর্জনা পরিষ্কারের জন্য একজন শ্রমিক রাখা হয়েছে। ওই শ্রমিককে খুঁজে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক আটজন দোকানি জানান, এই মাঠে দোকান বসাতে হলে প্রথমে নাসির ও ইমরানকে ৫ থেকে ১০ হাজার টাকা চাঁদা দিতে হয়। এ ছাড়া প্রতিটি দোকান থেকে দিনে গড়ে ১০০ টাকা করে চাঁদা আদায় করেন ইমরান। তাঁরা দুজনই ঢাকা-৭ আসনের সাংসদ হাজি সেলিমের কর্মী বলে এলাকায় পরিচিত।
অভিযোগ অস্বীকার করে নাসির আহমেদ প্রথম আলোকে বলেন, তিনি ও তাঁর ভাগনে বাজারসংশ্লিষ্ট কোনো কাজের সঙ্গে জড়িত নন।
আজিমপুরের বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, ১০ বছর ধরে মাঠটি দখল করে বসছে কাঁচাবাজার। এতে ক্রমান্বয়ে মাঠের প্রায় অর্ধেক দখল হয়ে গেছে। মহল্লার শিশু-কিশোরেরা খেলাধুলা করতে পারছে না। অথচ আগে এই মাঠে আজিমপুর, লালবাগ, হাজারীবাগ, কামরাঙ্গীরচরসহ বিভিন্ন এলাকার শিশু-কিশোরেরা নিয়মিত খেলাধুলা করত। এই দলকে উচ্ছেদ না করলেন মাঠটি তার অস্তিত্ব হারাবে।