আজীবন সম্মাননা পেলেন আবদুল্লাহ আবু সায়ীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএফআইসি ব্যাংক আজীবন সম্মাননা পেলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ‘আলোকিত মানুষ গড়ার কারিগর’ আবদুল্লাহ আবু সায়ীদের হাতে ৪০ লাখ টাকার চেক ও সম্মাননা স্মারক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আইএফআইসি ব্যাংকের ৪০ বছর পূর্তি উপলক্ষে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
একই অনুষ্ঠানে ২০১৫ সালের জন্য কবি অসীম সাহা ও সাহিত্যিক ওয়াসি আহমেদের হাতে আইএফআইসি সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হয়। অসীম সাহা তাঁর কাব্যগ্রন্থ ম-বর্ণের শোভিত মুকুট ও ওয়াসি আহমেদ তলকুঠুরির গান উপন্যাসের জন্য এ পুরস্কার পান। অর্থমন্ত্রী লেখকদের হাতে পাঁচ লাখ টাকার চেক, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বিশ্বসাহিত্য কেন্দ্রকে অভিহিত করেন ‘পূজনীয় প্রতিষ্ঠান’ হিসেবে। তিনি বলেন, এর কৃতিত্ব আবদুল্লাহ আবু সায়ীদের। কয়েক দশকে তাঁর প্রতিষ্ঠানের বিকাশ হয়েছে অসাধারণ।
আবদুল্লাহ আবু সায়ীদ লেখক-সাহিত্যিকসহ দেশের সব পর্যায়ের সৃষ্টিশীল মানুষদের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার।