আজীবন সম্মাননা পেলেন গোলাম সারওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকতা পেশার উন্নয়নে অনন্য অবদানের জন্য তোয়াব খানের পর এ বছর সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ারকে আজীবন সম্মাননা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘আতাউস সামাদ স্মারক ট্রাস্ট ফান্ড’। প্রয়াত সাংবাদিক এবিএম মূসা সম্মাননাটির প্রবর্তক।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় ২০১৬ সালের স্নাতক সম্মান পরীক্ষায় ভালো ফল করায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাঁচজন শিক্ষার্থীকে ‘আতাউস সামাদ স্মারক বৃত্তি’ দেওয়া হয়। বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন মোতাসিম বিল্লাহ, মো. আল-আমিন মোল্লা, আবদুল বারিক, মো. আল-আমিন ও ইব্রাহিম মল্লিক।

আজীবন সম্মাননা পাওয়ার পর গোলাম সারওয়ার বলেন, এবিএম মূসা ছিলেন সাংবাদিকতার জীবন্ত বিস্ময়। তাঁর প্রবর্তিত এই পুরস্কার তাঁর কাছে অনেক মূল্যবান। আর যাঁর নামে এই ট্রাস্ট ফান্ড, সেই আতাউস সামাদ ছিলেন একজন নমস্য ব্যক্তি।

গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় ১৯৬২ সালে চট্টগ্রামের দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে সংবাদ, ইত্তেফাক ও সাপ্তাহিক পূর্বাণীতে বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি যুগান্তর ও সমকাল-এর প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও পিআইবির চেয়ারম্যান। ২০১৪ সালে তিনি সাংবাদিকতায় একুশে পদক পান। অনুষ্ঠানে গোলাম সারওয়ারের সংশাবচনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের সংবাদপত্রের বিকাশ ও ক্রমপরিণতির ইতিহাসে তাঁর নাম অতি গুরুত্বের সঙ্গে বারবার উচ্চারিত হবে।’

গোলাম সারওয়ার বলেন, ‘তরুণ যাঁরা সাংবাদিকতায় আসছেন, তাঁরা অনেক ভালো করছেন। তবে তাঁদের প্রতিবেদনে ঘামের গন্ধ থাকতে হবে। তথ্যপ্রযুক্তির যে বিশাল আবিষ্কার, সেখানে ফাঁকির কোনো সুযোগ নেই। ছাপা পত্রিকা যে টিকে আছে, সেটা প্রমাণের জন্য হলেও অনলাইন মাধ্যমকে বেশি গুরুত্ব দিতে হবে। যেকোনো সংবাদের ভেতরের খবরটা বের করে আনতে হবে।’

‘সাংবাদিকতার দর্শন’ শীর্ষক স্মারক বক্তৃতায় লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘দলীয় আনুগত্য যা-ই হোক, বাংলাদেশের সাংবাদিকতার আদর্শ হওয়া উচিত রাষ্ট্রের মূলনীতির প্রতি অনুগত থাকা এবং একটি ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক রাষ্ট্র ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য অতন্দ্র প্রহরীর মতো জাগ্রত থাকা।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান। বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস অনুষ্ঠান সঞ্চালনা করেন।