আজীবন সম্মাননা পেলেন সন্জীদা খাতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার সন্ধ্যা। হোটেল শেরাটনের উইন্টার গার্ডেন দর্শকে পরিপূর্ণ। কিন্তু পিনপতন নীরবতা। কাঁপা কাঁপা কণ্ঠে গান করছিলেন প্রবীণ শিল্পী সোহরাব হোসেন। ‘সেদিন বলেছিলে আবার হবে দেখা...’। সঙ্গে কণ্ঠ মেলালেন তাঁরই শিষ্য আরেক গুণী শিল্পী সন্জীদা খাতুন। এ আয়োজন সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কারের। একমঞ্চে গতকাল মিলেছিলেন লোক, উচ্চাঙ্গ, রবীন্দ্র, নজরুল, আধুনিক গান ও ব্যান্ড সংগীতের শিল্পীরা। শুধু শিল্পীরা নন, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকেরাও হলেন একই সঙ্গে সম্মানিত। তাঁরা আড্ডা দিলেন, গাইলেন—সর্বোপরি এক উত্সবমুখর পরিবেশে পুরস্কার দিলেন ও নিলেন। এবার অনুষ্ঠিত হলো এ পুরস্কারের পঞ্চম আসর। প্রবীণ সংগীতশিল্পী সোহরাব হোসেন, সুধীন দাশ, মুস্তাফা জামান আব্বাসী, ফরিদা পারভীন, আলম খান থেকে শুরু করে সংগীতশিল্পী, সংগীত পরিচালকদের অনেকের উপস্থিতি অনুষ্ঠানটি গ্রহণযোগ্য করে তুলেছে দর্শকদের কাছে। অনুষ্ঠানের শুরুতে ছিল আজীবন সম্মাননা দেওয়ার পালা। সন্জীদা খাতুনের হাতে সম্মাননা স্মারক, সম্মাননাপত্র ও এক লাখ টাকার চেক তুলে দেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল সিমোর ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এর আগে মাইকেল সিমোর বলেন, সংগীত বাংলাদেশের সংস্কৃতির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে। বাঙালির প্রাণের সেই সুরধারা যাঁরা সমৃদ্ধ করছেন, তাঁদের সম্মানিত করে যেতে চায় সিটিসেল সব সময়। ফরিদুর রেজা সাগর বলেন, বাংলাদেশে সুস্থ সংগীতের বিকাশ ও উত্কর্ষ, সংগীত পরিচর্যার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে চ্যানেল আই বদ্ধপরিকর।সম্মাননার জবাবে সন্জীদা খাতুন বাঙালি সংস্কৃতিতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে বিশ্ব সংস্কৃতির আদানপ্রদানে এগিয়ে যেতে শিল্পীদের আহ্বান জানান।অনুষ্ঠানে লোকগানে বিশ্বজিত্ রায়, রবীন্দ্রসংগীতে রোকাইয়া হোসেন, নজরুলসংগীতে পারভীন সুলতানা, উচ্চাঙ্গ সংগীত (যন্ত্রে) সত্যজিত্ চক্রবর্তী, শ্রেষ্ঠ পপশিল্পী মেহরীন, শ্রেষ্ঠ গীতিকার জুলফিকার রাসেল ও শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে মানাম আহমেদ পুরস্কৃত হন। জনপ্রিয় শাখায় গেল বছরের সেরা শিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন সামিনা চৌধুরী এবং সেরা ব্যান্ড হিসেবে পুরস্কার পেয়েছে ব্যান্ড দূরবীন। পদক বিতরণের মাঝে চলতে থাকে শাহীন সামাদ, ফাহমিদা নবী, চন্দনা মজুমদার, সামিনা চৌধুরী, অদিতি মহসীনসহ অন্যান্য খ্যাতনামা শিল্পীর মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা। বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় শিল্পী ফেরদৌস আরা এবং শুভ্রদেবের ফোক ও ক্লাসিক্যাল সংগীতের ফিউশন পরিবেশনা। গানটির সংগীত আয়োজনে ব্যবহার করা হয়েছে দেশীয় বাদ্যযন্ত্রের সঙ্গে পাশ্চাত্য যন্ত্র। পুরস্কার বিতরণ পর্বটি উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া। অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করে।