আজ্ঞাবহদের দিয়ে নির্বাচন কমিশন গঠনের ষড়যন্ত্র করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আজ্ঞাবহ ও দলীয় লোকদের দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল শনিবার রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন। নজরুল ইসলাম খান বলেন, আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল করতে হবে। তা না করে দলীয় লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করে ভোট করার অপচেষ্টা করা হলে, তার বিরুদ্ধে গণ-অভ্যুত্থান গড়ে তুলবে বিএনপি। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পরিবেশ এখনো দেশে সৃষ্টি হয়নি। চারদলীয় জোটের গণমিছিল কর্মসূচিতে চাঁদপুর, লক্ষ্মীপুর ও রাজশাহীতে পুলিশের গুলিতে বিএনপি-জামায়াতের পাঁচ নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিলের আগে নয়াপল্টনে এই সমাবেশ হয়।স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বেশির ভাগ দল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলেছে। তার পরও সরকার জনদাবি উপেক্ষা করে দলীয় সরকারের অধীনে ইভিএম দিয়ে কারচুপির নির্বাচন করতে চাইছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বেচ্ছাবেসক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী প্রমুখ বক্তব্য দেন। মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্যের প্রতিবাদ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ম খা আলমগীর ১৯৯৬ সালে প্রশাসনিক ক্যু করেছেন। তাঁর মুখে মির্জা আলমগীরের মতো এমন এক সজ্জন ব্যক্তি সম্পর্কে কটূক্তি মানায় না।’মহীউদ্দীন খান আলমগীর গত শুক্রবার এক অনুষ্ঠানে বলেছেন, গত ১০ বছরে রাজনীতিতে সবচেয়ে বেশি মিথ্যাচার করেছেন মির্জা ফখরুল।