আজ-কালের মধ্যে সার্চ কমিটি হচ্ছে, বাড়ছে আকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন গঠন করতে আজ-কালের মধ্যেই গঠিত হচ্ছে সার্চ কমিটি। এ ক্ষেত্রে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, বিচারপতি ও সাবেক আমলাদের নিয়ে অনুসন্ধান কমিটি করতে পারেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, এবার সার্চ কমিটির সদস্যসংখ্যা বাড়তে পারে।

জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আজ অথবা কালকের মধ্যে সার্চ কমিটি গঠন করা হতে পারে। আর তো সময় নেই।’

নতুন কমিশন গঠন নিয়ে গত ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ মোট ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন তিনি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সূত্র জানায়, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে সার্চ কমিটি করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। আজকের মধ্যে তিনি এর আনুষ্ঠানিকতা শুরু করবেন। নিরপেক্ষ লোক খুঁজতে সার্চ কমিটির আকার বাড়াচ্ছেন তিনি। ওই সূত্র জানায়, সময়ের অভাবে এবার নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন বা অধ্যাদেশ জারি করছেন না রাষ্ট্রপতি। এর আগে ২০১২ সালের ২৩ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে চার সদস্যের সার্চ কমিটি গঠন করেছিলেন।

একজন কমিশনার বাদে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি।

বিএনপি সার্চ কমিটিতে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের নাম প্রস্তাব করেছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করার পর তিন দিন ধরে এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। তবে সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে ইতিবাচকভাবে নিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্য দলগুলো।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের মুখপাত্র মাহবুব উল আলম হানিফ বলেন, ‘রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের অভিভাবক। অভিভাবক হিসেবে সংবিধানে অর্পিত দায়িত্ব বলে আশা করি, তিনি গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করবেন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সার্চ কমিটি করা হবে, এটা পুরোনো খবর। এই কমিটি করার পরই বুঝতে পারব, তারা নিরপেক্ষ, নাকি আওয়ামী লীগের পরামর্শে করা হয়েছে। যদি আওয়ামী লীগের পরামর্শে সার্চ কমিটি গঠিত হয়, তা গ্রহণযোগ্য হবে না।’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমরা বলেছিলাম আইন করতে পারলে ভালো। সময়ের অভাবে তা করতে না পারলে সার্চ কমিটি করা হোক। তবে সার্চ কমিটিকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। তাদের প্রতি সবার আস্থা থাকতে হবে।’