রাজশাহীতে গতকাল বৃহস্পতিবার থেকে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। রাজশাহী মহানগরের শাহ মখদুম ঈদগাহ ময়দানে জোহরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে রাজশাহীতে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ২২ অক্টোবর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে উত্তরবঙ্গের সর্ববৃহৎ এই তাবলিগ ইজতেমা শেষ হবে। ইজতেমায় কাকরাইল ও উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে আসা বিশিষ্ট ওলামা কেরাম এবং মুরব্বিদের ইসলাম ও কোরআনের আলোকে বয়ান করার কথা রয়েছে। রাজশাহী মারকাজের জিম্মাদার হাজি কাসেম আলী বলেন, এ বছর টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় রাজশাহী জেলার অংশগ্রহণ থাকছে না। টঙ্গী বিশ্ব ইজতেমা কমিটির ফয়সালা অনুযায়ী রাজশাহীতে এবার তাবলিগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বলেন, আখেরি মোনাজাত পর্যন্ত কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী