আঞ্চলিক উন্নয়ন ও জনগণের কল্যাণে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা এ অঞ্চলের উন্নয়ন এবং বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণের জন্য অপরিহার্য। তাই গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির বিকাশে দুই দেশকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত সম্পর্ক শীর্ষক দুই দিনের কর্মশালা উদ্বোধনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ মন্তব্য করেন। বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স লিমিটেড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। আলোচনায় অংশ নিচ্ছেন জ্যেষ্ঠ মন্ত্রী, সাংসদ, বিশেষজ্ঞ ও গণমাধ্যম প্রতিনিধিরা।প্রধান অতিথির বক্তৃতায় সাহারা খাতুন বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশেই সন্ত্রাসবাদের ঝুঁকি রয়েছে। দুই দেশের জনগণই সহিংসতা, উগ্রপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণতন্ত্র ও উন্নয়নের ব্যাপারে তাদের আস্থা প্রকাশ করেছে। তাই আমাদের দুই দেশকেই গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তি বিকাশে একসঙ্গে কাজ করার প্রয়াস অব্যাহত রাখতে হবে।’ ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের ব্যাপারে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘তারা কথায়-কথায় আমাদের বলেন যে আমরা ভারতের দালাল। আমরা কেন বলি না যে ওরা পাকিস্তানের দালাল।’ তিনি আরও বলেন, ‘এখন বলার সময় এসেছে, পার্বত্য চট্টগ্রামে কারা সমস্যা তৈরি করেছে। রোহিঙ্গা শরণার্থীর মতো বিরাট সমস্যা কারা তৈরি করেছে। আঞ্চলিক সহযোগিতা থাকলে এ সমস্যাগুলোর সৃষ্টি হতো না।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক কূটনীতিক ও হেরিটেজ ফাউন্ডেশনের কর্মকর্তা ওয়ালিউর রহমান।