আঞ্চলিক উৎসবের প্রথম আসর আজ পটুয়াখালীতে
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসবের প্রথম আসর আজ শনিবার বসছে পটুয়াখালীতে। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে দেশের বরেণ্য কবি, সাহিত্যিক ও ভাষাবিদেরা উপস্থিত থাকবেন।
উৎসবে অংশ নিতে ইতিমধ্যে ৬ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে। অংশগ্রহণকারী জেলাগুলো হলো ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, ভোলা, বরিশাল ও পটুয়াখালী।
সকাল নয়টায় বেলুন উড়িয়ে ভাষা প্রতিযোগ উৎসবের উদ্বোধন করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী ও সংশ্লিষ্ট ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করা হবে। পরে ৪০ মিনিটের নৈর্ব্যক্তিক পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা ভাষাবিদদের কাছে প্রশ্ন করার সুযোগ পাবে। শিক্ষার্থীদের জিজ্ঞাসার জবাব দিতে মঞ্চে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকেরা।
শিক্ষার্থীদের সকাল নয়টার মধ্যে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।