আঞ্চলিক কমান্ডারসহ হিযবুত তাহ্রীরের পাঁচ সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও রাজশাহীর চারঘাট এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের আঞ্চলিক কমান্ডারসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। সংগঠনের বিপুলসংখ্যক প্রচারপত্র-বইসহ গত বৃহস্পতিবার তাঁদের আটক করা হয়। র‌্যাবের ভাষ্যমতে, শিবগঞ্জের রানীহাটি গ্রামে ওই দিন রাতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাঁরা হলেন—হিযবুত তাহ্রীরের আঞ্চলিক কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাখিয়া গ্রামের ওমর ফারুক, শিবগঞ্জের লাভাঙ্গা গ্রামের মেহেদী হাসান, মনিরুল ইসলাম ও তহুরুল ইসলাম। আটকের সময় তাঁরা রানীহাটি বাজারে অবস্থিত ওমর ফারুকের টুম্পা ডেন্টাল সার্জারি ক্লিনিকে বসে গোপন বৈঠক করছিলেন। এ সময় তাঁদের কাছ থেকে সংগঠনের বিপুলসংখ্যক প্রচারপত্র ও বই উদ্ধার করা হয়। ওমর ফারুক পেশায় একজন দন্ত চিকিৎসক। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় চারঘাটের কালুহাটি বাজার থেকে সাড়ে ৫০০ প্রচারপত্রসহ হিযবুত তাহ্রীরের সদস্য শরিফুল ইসলামকে আটক করা হয়। শরিফুলকে রাতেই চারঘাট থানায় ও অপর চারজনকে গতকাল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৫-এর গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট মাহদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।