চট্টগ্রাম আঞ্চলিক পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তাকে একই সঙ্গে উচ্চমান সহকারী এবং কম্পিউটার অপারেটরের কাজ চালাতে হচ্ছে। লোকবল সংকটের কারণেই তিনি এসব বাড়তি দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই এই কার্যালয়ে একজন উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষকের পদটি খালি রয়েছে। এ ছাড়া শারীরিক সমস্যার কারণে ছুটিতে রয়েছেন কম্পিউটার অপারেটর।চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সরকারি কার্যালয়ের দ্বিতীয় তলায় আঞ্চলিক পরিসংখ্যান কার্যালয়ে গিয়ে দেখা যায়, আঞ্চলিক পরিসংখ্যান কর্মকর্তা সংগৃহীত বিভিন্ন তথ্য কম্পিউটারে সন্নিবেশ (কম্পোজ) করাচ্ছেন এবং তথ্যভান্ডারে তা সংযোজনের কাজও করছেন। পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা যায়, বদলিজনিত কারণে উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষকের একটি মাত্র পদ চার-পাঁচ মাস ধরে খালি রয়েছে। তাই বর্তমানে উচ্চমান সহকারীর প্রায় সব কাজই আঞ্চলিক কর্মকর্তাকেই সামলাতে হচ্ছে। এ ছাড়া এই কার্যালয়ে চারজন পরিসংখ্যান সহকারী পদের বিপরীতে বর্তমানে কাজ করছেন মাত্র দুজন। সাত-আট মাস আগে দুজন কর্মকর্তা চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। এর পর থেকে এ পদে নতুন কাউকে আর নিয়োগ দেওয়া হয়নি। পরিসংখ্যান সহকারীর কাজ হচ্ছে, বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করা এবং কার্যালয়ে এসে সেসব তথ্যের সমন্বয় করা। কিন্তু দীর্ঘদিন ধরে এ দুটি পদে কোনো লোক না থাকায় তথ্য সংগ্রহের কাজে ব্যাঘাত ঘটছে বলে জানা যায়।এসব বিষয়ে আঞ্চলিক পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা শূন্যপদ পূরণের জন্য আগামী এপ্রিল মাসে নিয়োগ পরীক্ষা নিচ্ছি। আশা করছি, এর ফলে জনবল সংকট কেটে যাবে এবং কাজের চাপও কমে যাবে।’ মুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটরের পদে কর্মরত ব্যক্তি শারীরিক অসুস্থতার জন্য দুই মাসের অর্জিত ছুটি ভোগ করছেন বলে জানান তিনি। চট্টগ্রাম আঞ্চলিক পরিসংখ্যান কার্যালয়ে বিসিএস ক্যাডারভুক্ত একজন আঞ্চলিক পরিসংখ্যান কর্মকর্তাসহ ১৪ জনের পদ রয়েছে। এর মধ্যে সহকারী পরিসংখ্যান কর্মকর্তা একটি, পরিসংখ্যান তদন্তকারী দুটি, পরিসংখ্যান সহকারী চারটি, উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষক একটি, মুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর একটি, গেস্টেটনার অপারেটার একটি, এমএলএসএস দুটি এবং চৌকিদারের একটি পদ রয়েছে। বর্তমানে এই ১৪ জনের বিপরীতে কর্মরত আছেন ১১ জন।