বরিশালকে বিভাগে উন্নীত করা হয়েছে ২১ বছর আগে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বরিশালে ডাক বিভাগের আঞ্চলিক কার্যালয় (পিএমজি অফিস) স্থাপন করা হয়নি। ফলে বিভাগের ছয়টি জেলার গ্রাহকদের ডাক জীবন বিমাসহ বিভিন্ন আর্থিক কর্মকাণ্ডের জন্য খুলনা বিভাগের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে করে দীর্ঘদিন থেকে বরিশাল বিভাগের গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বরিশালের বানারীপাড়া উপজেলার মমতাজ বেগম বলেন, ডাকঘরে তাঁর স্বামীর সঞ্চয়ী আমানত ছিল। ২০১২ সালে তাঁর স্বামী মারা যান। এরপর ওই বছরের জুলাই মাসে তিনি তাঁর স্বামীর মৃত্যু-দাবি নিষ্পত্তির অর্থ উত্তোলনের জন্য কাগজপত্র জমা দেন। এখন পর্যন্ত তিনি ওই টাকা পাননি। বরিশালের প্রধান ডাকঘর থেকে জানানো হয়েছে, খুলনা থেকে কাগজপত্র না আসায় অর্থ দেওয়া যাচ্ছে না।
বরিশাল সদর উপজেলার সিঅ্যান্ডবি সড়কের বাসিন্দা মো. কেরামত আলী খান বলেন, ‘নয় মাস আগে একটি মৃত্যু-দাবি নিষ্পত্তির অর্থ উত্তোলনের জন্য সব কাগজপত্র জমা দিয়েছি। দীর্ঘদিন ঘুরেও এখন পর্যন্ত ওই অর্থ উত্তোলন করতে পারিনি। যোগাযোগ করা হলে বরিশালের কর্তৃপক্ষ জানায়, খুলনা থেকে কাগজপত্র আসেনি।’
শুধু মমতাজ বেগম এবং কেরামত আলী নন, ডাক জীবন বিমা, সঞ্চয়ী আমানতসহ ডাক বিভাগের বিভিন্ন আর্থিক সেবা নেওয়া বেশ কয়েকজন গ্রাহক তাঁদের হয়রানির কথা এ প্রতিবেদককে জানিয়েছেন।
বরিশাল প্রধান ডাকঘর সূত্র জানায়, বরিশাল বিভাগে দুটি ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়, দুটি প্রথম শ্রেণীর প্রধান ডাকঘর, চারটি দ্বিতীয় শ্রেণীর প্রধান ডাকঘর, ১১টি উপবিভাগীয় পরিদর্শকের কার্যালয়, ৪০টি উপজেলা ডাকঘর, ৫২টি সাব পোস্ট অফিস, ৫৪টি ইডি পোস্ট অফিস এবং ৭৮০টি ইডি শাখা কার্যালয় রয়েছে। কিন্তু আঞ্চলিক কার্যালয় না থাকায় অনেক কাজের জন্য খুলনা বিভাগের ওপর নির্ভর করতে হয়। বরিশালে ডাক বিভাগের আঞ্চলিক কার্যালয় এবং জিপিও স্থাপন না হওয়ায় গ্রাহকদের সমস্যা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে বরিশাল প্রধান ডাকঘরের এক কর্মকর্তা বলেন, শুধু মেয়াদি আমানতের মৃত্যু নিষ্পত্তির অর্থ নয়, ডাক জীবন বিমা এমনকি আঞ্চলিক পত্রিকার নিবন্ধনের বিষয়গুলোও খুলনা কার্যালয় থেকে করতে হয়। বরিশাল থেকে কাগজপত্র পাঠালে সেগুলো মাসের পর মাস সেখানে পড়ে থাকে। অনেক ক্ষেত্রে এক বছরেরও বেশি সময় লেগে যায়। অথচ বরিশাল বিভাগে আঞ্চলিক কার্যালয় থাকলে সাত থেকে ১০ দিনের মধ্যে গ্রাহকদের সেবা দেওয়া সম্ভব হতো।
বরিশাল প্রধান ডাকঘরের ডেপুটি পোস্ট মাস্টার জয়নুল আবেদীন বলেন, বরিশালকে বিভাগে উন্নীত করা হয়েছে ১৯৯৩ সালে। নিয়ম অনুযায়ী, বিভাগীয় সদর দপ্তরে আঞ্চলিক কার্যালয় স্থাপন করার কথা। কিন্তু দীর্ঘ ২১ বছরেও বরিশালে পোস্ট অফিসের আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়নি। এ ব্যাপারে ঢাকার প্রধান কার্যালয়ে অনেকবার আবেদন করা হয়েছে।
ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) এ কে এম রফিকুল ইসলাম বলেন, বরিশালে একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের পরিকল্পনা ছিল। কিন্তু জনবল সংকটের কারণে আপাতত ওই পরিকল্পনা স্থগিত রয়েছে।