আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে দুটি ব্রোঞ্জ পেল বাংলাদেশ

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের (এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড সংক্ষেপে এপিএমও) ২৬তম আয়োজনে বাংলাদেশ দুটি ব্রোঞ্জ ও তিনটি সম্মানজনক স্বীকৃতি (অনারেবল মেনশন) পেয়েছে। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
এপিএমও প্রতিযোিগতায় ব্রোঞ্চ পদক পেয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ সফিউল্লাহ এবং ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী আদিব হাসান। এ ছাড়া সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ-ই-এলাহী, সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের সাজিদ আখতার ও ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী সৌমিত্র দাস পেয়েছেন সম্মানজনক স্বীকৃতি।
এপিএমওর সদস্য ৩৬টি দেশে একযোগে অনুষ্ঠিত হয় গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে গত ১১ মার্চ ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশে এপিএমওর আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। চলতি বছর ৭১ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে অংশ নেন। এর মধ্যে মেধার ভিত্তিতে সাতজনকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়।
বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও এপিএমওর পরীক্ষা হয় অভিন্ন প্রশ্নে। অলিম্পিয়াডে গণিতের পাঁচটি সমস্যা সমাধানের জন্য চার ঘণ্টা সময় দেওয়া হয়। ঢাকায় অনুষ্ঠিত এপিএমওতে সারা দেশ থেকে আসা প্রাক্-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।
ফলাফলের বিস্তারিত জানা যাবে http://daryn.kz/apmo?lang=en ঠিকানায়।