আঞ্চলিক জঙ্গিগোষ্ঠীগুলো বাংলাদেশকে আশ্রয়স্থল হিসেবে বেছে নিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে চাপে পড়া জঙ্গিগোষ্ঠীগুলো তাদের পরবর্তী আশ্রয়স্থল হিসেবে বাংলাদেশকে বেছে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ আশঙ্কা প্রকাশ করা হয়। আঞ্চলিক জঙ্গিবাদের সম্ভাব্য এ বিপদ মোকাবিলায় বাংলাদেশকে এখন থেকে প্রস্তুতি নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত পাঁচ দিনের এ কর্মশালায় যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞ ও কর্মকর্তারা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সন্ত্রাসবাদ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার ওপর গুরুত্ব দেন।বিআইপিএসএসের সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মনিরুজ্জামান বলেন, এ অঞ্চলের জঙ্গিগোষ্ঠীগুলো বেশ চাপে পড়েছে। আফগানিস্তানে জঙ্গিবিরোধী অভিযান আরও জোরদার হয়েছে। পাকিস্তান সরকার আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় তালেবানবিরোধী অভিযানে দেড় লাখ সেনা মোতায়েন করেছে। মুম্বাই হামলার পর ভারতেও জঙ্গিরা সুবিধা করতে পারছে না। তাই এই তিন দেশের জঙ্গিগোষ্ঠীগুলো বিকল্প আস্তানার সন্ধান করছে। এ ক্ষেত্রে তারা বাংলাদেশকে সহজ গন্তব্য হিসেবে বেছে নিতে পারে। তিনি বলেন, এর মধ্যে বাংলাদেশ থেকে জইশে মোহাম্মদ ও লস্কর-ই-তাইয়েবার ভারত ও পাকিস্তানের কিছু সদস্য গ্রেপ্তার হয়েছে। এ থেকেও প্রাথমিক আভাস পাওয়া যায়। তাই বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে, যাতে এমনটা হলে শক্তভাবে প্রতিহত করা যায়।সিঙ্গাপুরভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের (আইসিপিভিটিআর) প্রধান গবেষক জন হ্যারিসন তাঁর ব্যক্তিগত পর্যবেক্ষণের কথা তুলে ধরে বলেন, ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় অনেক ঘাটতি রয়েছে। যে কেউ চাইলে তদারকি ও পর্যবেক্ষণ ছাড়াই এ বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে পারে। তিনি বলেন, সারা বিশ্বে এখন বিমানবন্দরগুলো সন্ত্রাসবাদীদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তাই বিমানবন্দরের শিথিল নিরাপত্তাব্যবস্থা দেশে নাশকতা সৃষ্টির সুযোগ তৈরি করে। আইসিপিভিটিআরের বাংলাদেশের সন্ত্রাসবাদ-সংক্রান্ত বিশেষজ্ঞ সাফকাত মুনির বলেন, ‘এত দিন আমরা শুধু বাংলাদেশের অভ্যন্তরে বেড়ে ওঠা জঙ্গিগোষ্ঠীকে মোকাবিলা করেছি। এখন আমাদের আঞ্চলিক জঙ্গিগোষ্ঠীকে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ হবে।’