আঞ্চলিক দলগুলোর প্রস্তুতি নেই, বেশি তৎপর বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের মনোনয়ন অনেকটাই নিশ্চিত। তবে আওয়ামী লীগ সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) সঙ্গে নিতে চাইলে সমিতি আসনটি চাইবে বলে জানা গেছে।
এদিকে আওয়ামী লীগের চেয়ে প্রচারণায় এগিয়ে থাকলেও বিএনপিতে মনোনয়ন নিয়ে দুই প্রার্থীকে ঘিরে বিভক্ত জেলা বিএনপি। অপর আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নির্বাচন নিয়ে তৎপর নয়।
বিগত নির্বাচনে প্রার্থী হতে না পারলেও জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান প্রায় পাঁচ বছর ধরে রাঙামাটিতে সাংগঠনিক সফর চালিয়ে যাচ্ছেন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে নিজের সংগঠনের ইতিবাচক প্রচারণার পাশাপাশি পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও আওয়ামী লীগের আদিবাসীদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের প্রচারণাও চালাচ্ছেন দীপেন দেওয়ান।
অপর দিকে, সাবেক সেনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা মনীষ দেওয়ানও বিএনপিতে যোগ দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ায় মনীষ দেওয়ানও জেলা বিএনপির রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি। বিএনপির স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের বড় অংশ তাঁর পক্ষে। রাঙামাটি পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘দীপেন দেওয়ান অন্তর্মুখী ও স্বার্থবাদী রাজনীতি করেন। তাই আমরা মনীষ দেওয়ানের পক্ষ নিয়েছি।’
মনোনয়ন চাওয়ার বিষয়ে দীপেন দেওয়ান বলেন, ‘দলের সবারই মনোনয়ন চাওয়ার অধিকার আছে। তবে মনীষ দেওয়ান তো রাঙামাটিতে সার্বক্ষণিক থাকেন না।’
মনীষ দেওয়ান বলেন, ‘দলে দ্বন্দ্ব বলতে কিছু নেই। নেতৃত্বের প্রতিযোগিতা আছে। আগামী নির্বাচনে রাঙামাটি আসনে দলের মনোনয়ন চাইব। তবে দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর হয়ে সবাই কাজ করব।’
এদিকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার নির্বাচনের জন্য প্রস্তুত হলেও দলের নেতা-কর্মীদের মধ্যে কোন্দল বিরাজ করছে। অনেক বঞ্চিত নেতা-কর্মী ক্ষুব্ধ বলে জানা গেছে। বিগত জেলা কাউন্সিলে দীপংকর তালুকদারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মো. কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে কাউন্সিলররা ভোট দেননি। প্রায় এক বছর আগে জেলা সম্মেলন হলেও এখনো পূর্ণাঙ্গ জেলা কমিটি হয়নি।
অবশ্য রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুছা কোন্দলের কথা অস্বীকার করে বলেন, ‘আমাদের প্রার্থী একজনই। তিনি দীপংকর তালুকদার।’
বিগত নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগের পার্বত্য চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার কারণে আদিবাসীরা ক্ষুব্ধ। তাই আদিবাসীদের কাছে সাফল্য তুলে ধরে প্রচারণা চালানোর সুযোগ নেই বলে মনে করেন দলের একাধিক আদিবাসী নেতা।
জনসংহতি সমিতির একটি সূত্র জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে জেএসএসকে হাতে রাখার চেষ্টা চলছে। সে ক্ষেত্রে জেএসএস পার্বত্য চট্টগ্রামের তিনটি আসনের মধ্যে রাঙামাটি আসনটি দাবি করে অন্য দুই আসনে আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার পক্ষে। তবে সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, ‘আওয়ামী লীগ থেকে যোগাযোগের বিষয়টি আমার জানা নাই।’
ইউপিডিএফের তথ্য বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, ‘নির্বাচন হবে কি না, তা নিয়ে আমরা সন্দিহান। পরিস্থিতি বুঝে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’