আঞ্চলিক দুই মহাসড়কে ডাকাত আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় দুটি আঞ্চলিক মহাসড়কে রাতে ডাকাত আতঙ্ক দেখা দিয়েছে। আক্কেলপুর-গোপিনাথপুর ও আক্কেলপুর-জয়পুরহাট সড়কে বেশ কয়েকবার ডাকাতি হওয়ায় এ আতঙ্কের সৃষ্টি হয়েছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সোমবার সদস্যদের তোপের মুখে পড়েন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান। কমিটির অধিকাংশ সদস্য সভায় অভিযোগ করেন, দুটি আঞ্চলিক মহাসড়কে রাতে ঘন ঘন ডাকাতি হচ্ছে। এসব ঘটনায় পুলিশ কাউকে চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি। সহিদার রহমান সভায় বলেন, ‘এ থানায় মাত্র ২৫ দিন আগে যোগদান করেছি। কারা অপরাধী তা এখনো চিহ্নিত করতে পারিনি। তৎপরতা চালানো হচ্ছে। দুটি সড়কেই সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পুলিশ থাকছে।’ স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর দিবাগত রাতে আক্কেলপুর-গোপিনাথপুর সড়কের কড়ই নামক স্থানে কাঠের চৌকি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হাফপ্যান্ট পরা ডাকাত দল। তারা একটি মাইক্রোবাস, ট্রাকের আরোহী যাত্রী ও চালককে মারধর, আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকা নিয়ে নেয়। ওই মাইক্রোবাসের যাত্রী ছিলেন উপজেলা সদরের চারমাথা মোড়ের ইলেকট্রনিক ব্যবসায়ী রাজু মণ্ডল ও তাঁর পরিবার। পরের দিন রোববার রাত সোয়া ১০টায় আক্কেলপুর-জয়পুরহাট সড়কের আমুট্ট রেলক্রসিংয়ের মোড়ে গাছ ফেলে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস, ট্রাক ও মোটরসাইকেল আরোহীকে আটকে ডাকাতি হয়। এ ঘটনার পরের দিন সোমবার রাত ১০টার দিকে আক্কেলপুর-গোপিনাথপুর সড়কের ভিকনী সেতুর পশ্চিম প্রান্তে ডাকাত দল রশি টেনে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেখানে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল আটকে ডাকাতি হয়। ডাকাতির শিকার যানবাহন ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই দুটি আঞ্চলিক মহাসড়কে সংঘটিত সবগুলো ডাকাতির ঘটনার ধরন একই। ডাকাতেরা সড়কে গাছ, রশি ও চৌকি ফেলে যানবাহন আটকায়। ঘটনাস্থলের ১০ গজ পেছনে দুই সড়কের দুই পাশে লুকিয়ে থাকা হাফপ্যান্ট পরা ডাকাত দল তাদের ঘেরাও করে মারধর শুরু করে। যাত্রীদের সবকিছু নিয়ে সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলে। শ্যামলী পরিবহনের কোচের চালক মোজাম্মেল হোসেন জানান, আক্কেলপুর-জয়পুরহাট সড়কের পৌর সদরে আমুট্ট রেলক্রসিংয়ের মোড়ে তাঁর বাসটি ডাকাতের কবলে পড়ে। বাসটি থামতেই দুই পাশ থেকে হাফপ্যান্ট ও মুখোশ পরা ডাকাতেরা বাসটি ঘেরাও করে। পৌর সদরের চৌধুরীপাড়ার বাসিন্দা উৎপল চৌধুরী জানান, তাঁরা দাওয়াত খেয়ে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। ভিকনী সেতু পার হলে তাঁরা সড়কে রশি টেনে ধরা দেখে সেখানে মোটরসাইকেল ফেলে পেছনে দৌড় দেন। হাফপ্যান্ট পরা ডাকাত দলের তিন-চার সদস্য ধাওয়া করে তাঁকে ধরে ফেলে। এরপর ডাকাত দল তাঁকে জবাই করতে উদ্যত হয়। ডাকাত দলকে অনুনয়-বিনয় করে ছাড়া পান তিনি। তবে মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেয় তারা। জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজ সরদার বলেন, আক্কেলপুর উপজেলার দুটি আঞ্চলিক মহাসড়ক রাতে ভয়ংকর হয়ে উঠেছে। এই দুটি আঞ্চলিক সড়কে সন্ধ্যা রাতেই যানবাহনে ডাকাতি হচ্ছে। পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ওই দুটিসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে রাতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে আক্কেলপুর থানার সহকারী উপপরিদর্শকসহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।