আঞ্চলিক পর্বে যাচ্ছে বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়

প্রথম আলো-গ্রামীণ ফোন আয়োজিত আই-জেন প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে অংশগ্রহণের টিকিট পেয়েছে বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়। গতকাল শুক্রবার সকালে শহরের শালতলা মোড়ে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে ১৫টি বিদ্যালয়ের মধ্যে জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল থেকে কালো মেঘে ঢাকা আকাশ, বৃষ্টি আর ঝোড়ো হাওয়া উপেক্ষা করে বিভিন্ন বিদ্যালয়ের প্রতিযোগীরা অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকে। প্রতিযোগিতায় অংশ নেয় মোট ১১২ শিক্ষার্থী। তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা হলো: রিফাত আল আজাদ, তালুকদার নাইমুল হাসান নাইম, মো. নাঈম হাওলাদার ইমন, মোহাম্মদ তাওহীদ এলাহী ও হিমেল সাহা।
যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অন্যতম প্রতিযোগী সানজিদা আফরিন বলে, আই-জেন অনুষ্ঠান থেকে সে ইন্টারনেট ও আইসিটি বিষয়ে অনেক নতুন ধারণা পেয়েছে, যা সে আগে জানত না। মংলা বন্দর মাধ৵মিক বিদালয়ের ফাতেমা তুন মুনেকাও প্রায় একই কথা বলে।
বিজয়ী বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদালয়ের (দিবা) ইফফাত আরা নিঝুম ও অর্পা ঘোষ বলে, অনুষ্ঠানের গ্রুপ টাস্ক থেকে তারা একদিকে নেতৃত্ব বিকাশের অভিজ্ঞতা পেয়েছে, অন্যদিকে বহু নির্বাচনী পরীক্ষার মধ্য দিয়ে পাঠ্যবই-বহির্ভূত সাধারণ জ্ঞান লাভ করেছে। তারা মনে করে, অধিকসংখক শিক্ষার্থীকে এর আওতায় আনা প্রয়োজন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। বিচারকের দায়িত্ব পালন করেন খান জাহান আলী ডিগ্রি কলেজের প্রভাষক খন্দকার আসিফ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি আহাদ হায়দার ও বাগেরহাট সভার সহসভাপতি সাজ্জাদ শাওন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো: বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয় প্রভাতি ও দিবা শাখা, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রভাতি ও দিবা শাখা, দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রাংদিয়া স্কুল অ্যান্ড কলেজ, কেজেএসপিইউ (রাজাপুর) স্কুল অ্যান্ড কলেজ, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল, টি এ ফারুখ স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট পলস উচ্চবিদ্যালয়, শিরীন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফকিরহাট আট্টাকা কে আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় এবং আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।