আঞ্চলিক প্রেক্ষাপটে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ দমনে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দেশটি ভবিষ্যতে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করবে।গতকাল বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এক নিরাপত্তা সংলাপে মার্কিন কর্মকর্তারা এমন আভাস দিয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম এই নিরাপত্তা সংলাপ সকালে উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এ সংলাপে বাংলাদেশের ১৮ সদস্যের দলের নেতৃত্ব দেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব মুস্তাফা কামাল। আর যুক্তরাষ্ট্রের ১৪ সদস্যের দলের নেতৃত্ব দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিকবিষয়ক সহকারী মন্ত্রী অ্যান্ড্রু জে শ্যাপিরো।বাংলাদেশ প্রতিনিধিদলের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সংলাপে আঞ্চলিক প্রেক্ষাপট বিষয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেক্ষাপটে কীভাবে দুই দেশ কাজ করতে পারে, সে ব্যাপারে কথা বলতে আগ্রহী তারা। এ সম্পর্কে জানতে চাইলে এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা সন্ত্রাসবাদ দমন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে সরকারের অবস্থানপত্র তুলে ধরেন। দুই দেশের নিরাপত্তাবিষয়ক এ সংলাপে বিভিন্ন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। ভবিষ্যতে কীভাবে এ ক্ষেত্রে দুই দেশ সহযোগিতা বাড়াবে, সে ব্যাপারেও দুই পক্ষ গুরুত্ব দিয়েছে।