আঞ্চলিক-বৈশ্বিক বিষয়ে একসঙ্গে কাজ করবে ঢাকা-ওয়াশিংটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে একসঙ্গে কাজ করা এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব সংলাপ গত শুক্রবার ওয়াশিংটনে শেষ হয়েছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বাংলাদেশের এবং মার্কিন আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন তাঁর দেশের নেতৃত্ব দেন।
মার্কিন আন্ডার সেক্রেটারি শ্যানন বলেছেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের জন্য যুক্তরাষ্ট্র গর্ব বোধ করে। আর পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক মন্তব্য করেন, সাহায্যনির্ভরতা থেকে কৌশলগত পর্যায়ে গিয়ে দুই দেশের সম্পর্ক আরও পরিপক্ব হয়ে উঠেছে।
২০১২ সালে অংশীদারত্ব সংলাপ শুরুর পর থেকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে অভিন্ন লক্ষ্য ও সুযোগকে কাজে লাগিয়ে সহযোগিতার নীতিগত বিষয় নিয়ে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে পঞ্চম অংশীদারত্ব সংলাপে আলোচনা হয়েছে। শুক্রবার ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা এবং আগামীতে এ ধরনের হামলা প্রতিহত করার ব্যাপারে সরকারের কাছ থেকে কী আশ্বাস পাওয়া গেছে তা নিয়ে জানতে চাইলে জন কিরবি বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে আমরা দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছি, এটি স্পষ্ট করে বলতে চাই। আলোচনায় এ প্রসঙ্গগুলো এবং উদ্বেগের বিষয়গুলো অবশ্যই এসেছে। তবে এ ব্যাপারে আমার কাছে বিস্তারিত কিছু জানা নেই।’
গত বৃহস্পতিবার শুরু হওয়া দুদিনের ওই আলোচনায় দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে একসঙ্গে কাজ করার ব্যাপার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন ও সুশাসন এবং বাণিজ্য ও বিনিয়োগ এই তিনটি ভাগে অংশীদারত্ব সংলাপে দুই পক্ষ আলোচনা
করেছে।